টাকার লোভ বড় লোভ। আর সেই লোভের বশবর্তী হয়েই নিজের বোনকে বিয়ে করে নিতেও দু’বার ভাবলেন না ভাই। গণবিবাহের আসরে নিজের বোনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন ভাই। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য এমন ঘটনা।
কোথায় ঘটল এমন নিন্দনীয় ঘটনা?
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ রাজ্যের হাথরাসে। মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনা প্রকল্পের ৫৫ হাজার টাকা পাওয়ার জন্য বিয়ের পিঁড়িতে বসলেন ভাই-বোন। বোনের সিঁথিতে সিঁদুরও পরিয়ে দিলেন ভাই। আবার এই প্রকল্পের টাকা পেতে দুই মহিলা দ্বিতীয়বারও বিয়ে করে নিলেন। এই ঘটনাগুলি ধরা পড়তেই নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, হাথরস জেলার সিকন্দরারাউ অঞ্চলের বাসিন্দারা এই অনিয়মগুলি নিয়ে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় দুই মহিলা বিবাহিত হওয়া সত্ত্বেও নকল কাগজপত্র বানিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার লোভে এতসব কাণ্ড।
জানা গিয়েছে, গণবিবাহের আসরে ভুয়ো পরিচয়ে রেজিস্ট্রেশনও করে ফেলেন তারা। প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা, খুঁজলে এমন আরও অনেকের হদিশই হয়ত পাওয়া যাবে। গণবিবাহের আসরে সরকারি প্রকল্পের টাকা হাতাতে এলাকার অনেক মানুষই ভুয়ো পরিচয়ে রেজিস্ট্রেশন করছেন বলে আধিকারিকদের অনুমান।
এই গণবিবাহের আসরেই নিজের বোনকে বিয়ে করেছে এক ভাই। সরকারি প্রকল্পের টাকা হাতানোর জন্য এই কাণ্ড ঘটিয়েছে তারা। হাথরসের জেলা অধিকারী অর্চনা বর্মা বলেন, “এই ঘটনাটি আমাদের নজরে এসেছে। কেন এমনটা ঘটল, ভুয়ো রেজিস্ট্রেশন করা হয়েছে কি না, তা যাচাই করতে দেখা হচ্ছে। আমার দফতরের আধিকারিকদের সমস্ত তথ্য যাচাই করে নিতে বলেছি। দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।





