শহরে এলেন শাহ-নাড্ডা, বিজেপির কোর কমিটির সদস্য হয়েও কমিটির বৈঠকে দেখা নেই মিঠুনের, বিজেপি ছাড়ছেন নাকি মহাগুরু?

শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরির জন্য বিজেপির কোর কমিটির বৈঠক রয়েছে। কিন্তু সেই বৈঠকে দেখা নেই কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীর। এর জেরে মিঠুন ও বিজেপির মধ্যেকার সম্পর্ক নিয়ে বেশ প্রশ্ন উঠতে শুরু করেছে।

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হাত ধরেছিলেন মহাগুরু। ব্রিগেডের মঞ্চে এসে নিজের ছবির গরম গরম সংলাপ দিয়ে মাতিয়ে তুলেছিলেন ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড। সেই সময় গ্রামগঞ্জে ঘুরে প্রচারও করেছিলেন তিনি। কিন্তু ভোটে বিজেপির ভরাডুবির পর সেভাবে তাঁকে আর দেখা যাচ্ছিল না রাজনীতিতে।

তবে পঞ্চায়েত ভোটের আগে ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। সাংবাদিক বৈঠক থেকে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনায় দেখা যায় তাঁকে। তিনি এও দাবী করেন যে তৃণমূলের অনেক বিধায়ক নাকি তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। কিন্তু সেই বলাই সার। কাজের কাজ কিছু হয়নি।

পরে ফের ধীরে ধীরে রাজনীতি থেকে সরে যান মহাগুরু। এর মধ্যে অবশ্য বিজেপির কোর কমিটির সদস্য করে নেওয়া হয়েছিল তাঁকে। খাতায় কলমে তিনি কোর কমিটির সদস্য় বটে। কিন্তু তাঁকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। একের পর এক বৈঠক হলেও, সেখানে দেখা মেলেনি মিঠুন চক্রবর্তীর।

এরই মধ্যে এবার শহরে এসেছে শাহ ও নাড্ডা। শহরের পাঁচতারা হোটেলের বিজেপির নানান নেতানেত্রীদের নিয়ে বৈঠকে বসেন তারা। কিন্তু সেখানেও উপস্থিতি নেই মিঠুনের। সূত্রের খবর, এই মুহূর্তে তিনি রয়েছেন আমেরিকায়। পরিবারের সঙ্গে সেখানে সময় কাটাচ্ছেন তিনি।

বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের আগে সোশাল মিডিয়ায় ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। কোর কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণমূলক কর্মসূচি তৃণমূলস্তরে পৌঁছে দিতে চায় বিজেপি। আর এর জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করা হতে পারে। কীভাবে সেই কাজ হবে, তা এদিন আলোচনা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

RELATED Articles