‘জেলে থেকেও আমি টিকিট পেয়েছি’, লোকসভা নির্বাচনে কী এবার অর্জুন সিংকে প্রার্থী করবেন মমতা?

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি দল ছেড়ে বিজেপিতে ভিড়েছিলেন। বিজেপির টিকিটেই ভোটে জয়ী হয়ে ব্যারাকপুরের সাংসদ হন। তবে গত বছর ফের তৃণমূলে ঘর ওয়াপসি করেন তিনি। এবার আগামী বছরের লোকসভা নির্বাচনে সেই অর্জুন সিংকে কী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেবেন, তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা।

বছর গড়ালেই লোকসভা নির্বাচন। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলেই চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। কে কোন জায়গা থেকে লড়লে জিত নিশ্চিত হতে পারে, তা নিয়ে চলছে আলোচনা, বৈঠক। পুরভোট হোক বা বিধানসভা বা লোকসভা, সব নির্বাচনেই কিন্তু দারুণ জয়ের রেকর্ড রয়েছে অর্জুন সিংয়ের। দলের নেতা বা প্রশাসনের বিরুদ্ধে মুখ খুললেও কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের পছন্দের তালিকাতেই রয়েছেন ব্যারাকপুরের সাংসদ, এমনটাই তৃণমূল সূত্রে খবর।

এমন আবহে কী তাহলে লোকসভা নির্বাচনের টিকিট পাবেন অর্জুন সিং? তা নিয়ে বেশ কানাঘুষো চলছে দলের অন্দরেই। এর মধ্যে আবার ব্যারাকপুরের গোষ্ঠীকোন্দলও সামনে এসেছে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে সম্প্রতি বাকযুদ্ধে জড়িয়েছিলেন অর্জুন সিং। অর্জুনের টিকিট পাওয়ার জল্পনা থেকেই কী কোন্দল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

কী বলছেন অর্জুন?

এই বিষয়ে অর্জুন সিংয়ের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, কে টিকিট পাবেন, কে পাবেন না”।

তাঁর কথায়, “আমি তৃণমূলের তিনবারের বিধায়ক, তিনবারের কাউন্সিলর। জেলে বসেও টিকিট পেয়েছি একবার। ভোট কীভাবে করতে হয়, তা আমার জানা আছে। চুনোপুঁটিরা কে কী বলছে, তা ভেবে আমার লাভ নেই”।

প্রসঙ্গত, সম্প্রতি একটি খু’নের মামলায় অর্জুন সিং-এর ভাইপো গ্রেফতার হয়। এরপরই সোমনাথ শ্যামের সঙ্গে অর্জুনের বাকযুদ্ধ শুরু হয়। শাসক দলের দুই নেতাই একে অপরকে আক্রমণ, পাল্টা আক্রমণ শানাতে থাকেন। সেই বিতর্কে রাশ টানতে উদ্যত শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানিয়েছেন, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। অর্জুন সিংয়ের দাবী, তাঁকে নাকি চুপ করে থাকতে বলেছেন সুব্রত বক্সি।

RELATED Articles