কেক-পেস্ট্রির উপর অবাধে ঘুরে বেড়াচ্ছে আরশোলা-পোকা, ভয়ংকর দৃশ্য কলকাতার JW Marriot-এর বেকারিতে, ক্ষোভ নেটিজেনদের

খাবারে ঠিকঠাক স্বাস্থ্যবিধি মেনে চলা বেশ কঠিন কাজ। রাস্তার ধারে নানা ছোটোখাটো ঝুপড়ি বা দোকানে যে সেসবের তেমন বালাই থাকে না, তা আমাদের সকলেরই জানা। কিন্তু একটা ভালো দামি জায়গায় বা বলা ভালো পাঁচতারা এক হোটেলেও কী তেমনটা চলে? পাঁচতারা হোটেলের মতো জায়গায় তো খাবারে স্বাস্থ্যবিধি মেনে চলাই এক ও অন্যতম কাম্য। কিন্তু তেমনটা যে হচ্ছে না, সেই প্রমাণ মিলল হাতেনাতে।

সম্প্রতি অভিনেত্রী মিষ্টি সিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। আর তা দেখে রীতিমতো আঁতকে ওঠার জোগাড় নেটিজেনদের। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জে ডব্লিউ ম্যারিয়টের বেকারি সেকশনে নানান কেক ও পেস্ট্রির উপর অবাধে বিচরণ করছে আরশোলা ও নানান পোকাও।

সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। সেই ভিডিও পোস্ট করে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, জে ডব্লিউ ম্যারিয়টের মতো একটা নামীদামী পাঁচতারা হোটেলে কীভাবে এই ধরণের ঘটনা ঘটতে পারে। তিনি এও জানান যে এই খাবারই কিন্তু অনলাইন অর্ডার করার সময় পান গ্রাহকরা। তাহলে ভালো জায়গা থেকে খাবার অর্ডার করে কী লাভ যদি সেখানে মানুষের স্বাস্থ্য সচেনতার বিষয়ে কোনও খেয়ালই না রাখা হয়!

ইতিমধ্যেই এই ভিডিও দেখেছেন লক্ষাধিক মানুষ। আর তা দেখে জে ডব্লিউ ম্যারিয়টের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। কারোর মতে, এই নিয়ে হোটেলের বিরুদ্ধে অভিযোগ করা উচিত। কেউ কেউ বলেছেন, এত টাকা দিয়ে খাবার কিনে যদি এমন আরশোলায় খাওয়া বা চাটা খাবারই খেতে হয়, তাহলে এত নামী জায়গায় যাওয়ার দরকার কী!

অভিনেত্রীর এই ভিডিও দেখে রীতিমতো ভয়ে আঁতকে উঠেছেন সকলে। যদিও এই বিষয়ে জে ডব্লিউ ম্যারিয়টের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এমন ভিডিও যে হোটেলের মান নিয়ে প্রশ্ন তুলবে, তা বলাই বাহুল্য। অভিনেত্রীও বারবার সকলকে সতর্ক করে দিয়েছেন যাতে কোনও জায়গা থেকে কোনও খাবার কেনার আগে সেই জায়গাটা ভালোভাবে একটু দেখে বুঝে নেওয়া হয়।

RELATED Articles