এর আগেও কেন্দ্র সরকারের বকেয়া টাকা নিয়ে সুর চড়িয়েছেন তিনি। আর এবার ফের একবার মোদী সরকারকে (Modi Government) কটাক্ষ করে ‘বেইমান-লুটেরা-দাঙ্গাবাজ’ বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার টাকা দেয়, শুধু দাঙ্গা বাঁধাতে আসে। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রাজ্যের বকেয়া টাকার দাবী নিয়ে দিল্লি গিয়েছেন, তখনই রাজ্য থেকে ফের একবার কেন্দ্র সরকারকে তোপ দাগলেন মমতা।
আজ, সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই কেন্দ্রকে নানান ভাবে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে রেড রোডে ৩০ ঘণ্টার ধর্না করেছেন মমতা। সেই সময় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি কেন্দ্র টাকা না মেটায়, তাহলে তিনি দিল্লি গিয়ে ধর্নায় করবেন। আর আজ পূর্ব মেদিনীপুরের অনুষ্ঠান থেকেও সেই বকেয়া টাকা নিয়েই সরব হলেন তিনি।
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রের সরকারকে ‘বেইমান, লুটেরা, দাঙ্গাবাজ, চোর-ডাকাত’ বলে কটাক্ষ শানান মমতা। তাঁর কথায়, কেন্দ্র সরকার ১৭ লক্ষ মানুষের টাকা দেয়নি। আবাস যোজনা, রাস্তা তৈরি, ১০০ দিনের কাজের টাকাও আটকে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
এরপরই কেন্দ্রকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “পাপিষ্ঠ ওরা। ওদের অভিষ্ট পূর্ণ হবে না”। মমতার কথায়, “পান্তা ভাত খেয়ে থাকব। তবু সিপিএম-বিজেপির কাছে মাথা বিক্রি করব না”।
এখানেই শেষ নয়। এরপর কেন্দ্রের উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “টাকা দিচ্ছে না। দাঙ্গা বাঁধাচ্ছে। টাকা দিচ্ছ না কেন, কৈফিয়ৎ দাও”।





