ঝাঁ চকচকে সুইমিং পুল। সেখানে কিছুটা অলস সময় কাটাতে আসেন মানুষ। রিল্যাক্স করার উপায় হল সাঁতার কাটা। তাই সুইমিং পুলে গিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে ভালোবাসেন অনেকেই। কিন্তু ভাবুন তো একবার, আপনি সুইমিং পুলের জলে নেমেছেন আর ঠিক সেই সময় দেখলেন সেই জলেই সাঁতার কাটছে এক আস্ত কুমির। তাহলে? শুনেই গা শিউড়ে উঠল তো! কিন্তু এমন ঘটনা ঘটেছে বাস্তবেই।
এমন হাড়হিম করা দৃশ্য দেখা গেল মুম্বইয়ের দাদর এলাকায়। সেখানকার মহাত্মা গান্ধী সুইমিং পুলে দেখা মেলে এক আস্ত কুমিরের। তা প্রায় ২ ফুট লম্বা। সুইমিং পুলের জল পরিষ্কার করার সময় দেখা যায় ওই কুমিরটিকে। মুম্বই পুরনিগমের ওই সুইমিং পুলে কুমির কীভাবে এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
ঠিক কী ঘটেছে ঘটনাটি?
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনই সকালে সুইমিং পুলে লোকজন সাঁতার কাটতে আসার আগে সুইমিং পুলের জল ঠিকঠাক আছে কী না, তা পরীক্ষা করে নেওয়া হয়। সেরকমই সুইমিং পুলের জল পরীক্ষা করার সময় আচমকাই ওই কুমিরটি নজরে আসে সুইমিং পুলের কর্মীদের।
জলের মধ্যে এই বিশালাকার প্রাণীটিকে দেখে ভয়ে সিঁটিয়ে যান কর্মীরা। খবর দেওয়া হয় বন দফতরে। তারাই এসে উদ্ধার করে ওই কুমিরটিকে। পুল পরিষ্কার করার জাল দিয়েই জল থেকে তুলে আনা হয় কুমিরটিকে। বন দফতরের হাতেই তুলে দেওয়া হয় সেটিকে।
কিন্তু সুইমিং পুলে কুমির কীভাবে এল?
কীভাবে সুইমিং পুলের মধ্যে কীভাবে কুমির এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে অনুমান, ওই সুইমিং পুলটি রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায়। সেখান থেকে একটি সাপও চলে এসেছিল এর আগে। সেরকমই হয়ত কুমিরটিও চলে এসেছে। এমন ঘটনায় ওই সুইমিং পুলে যারা প্রতিদিন যাতায়াত করেন, তাদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে।





