চলছে বিয়ের মরশুম। এমন সময় নানান বিয়েবাড়ি থেকেই নানান ধরণের ঘটনার খবর মিলছে। নানান হাসির ভিডিও-ও দেখা যাচ্ছে বিয়েকে ঘিরে। বিয়েবাড়িতে কত ধরণের কত ঘটনাই তো ঘটে। কিন্তু এবার এক এমন ঘটনা ঘটল, যা সত্যিই নিন্দনীয়!
দেনাপাওনা বা অন্য অনেক কারণেই ভেঙে যায় বিয়ে। কিন্তু মেনুতে খাসির অস্থিমজ্জার কোনও পদ না থাকার কারণে যে বিয়ে ভেঙে যেতে পারে, তা হয়ত এই দেশেই সম্ভব। বিয়ের আগে বাগদান অনুষ্ঠানের খাওয়াদাওয়ায় ঘটল এমনই ঘটনা। শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও বিয়েটা কী হল শেষ অবধি?
ঠিক কী ঘটেছিল?
ঘটনাটি ঘটেছে নিজামাবাদে। সেখানে কনেপক্ষের বাড়ি। আর পাত্রের বাড়ি জাগতিয়াল। নভেম্বর মাসে ছিল এই বাগদান অনুষ্ঠান। জানা গিয়েছে, ওই দিন নিকট আত্মীয় এবং বরপক্ষের জন্য এলাহি আমিষ খাবারের আয়োজন করেছিল কনেপক্ষ। কিন্তু তাতে মন ভরেনি পাত্রের বাড়ির লোকেদের।
কারণ? সেদিন খাবারের মেনুতে ছিল না খাসির অস্থিমজ্জার পদ। আর সেই নিয়েই দুপক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। বচসা এমন জায়গায় পৌঁছয় যে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশকর্মীরা এসে বিবাদ মেটান।
তবে পুলিশ ঝামেলা মেটালেও, ততক্ষণে কনে ও বরপক্ষের মধ্যে তিক্ততা বেড়েছে অনেকটাই। সেই কারণে পাত্রপক্ষ বিয়েই ভেঙে দেয়। বরের বাড়ির লোকজনরা জানান, কথা দিয়েও খাসির অস্থিমজ্জার কোনও পদ রাখা হয়নি। আর খাওয়ার আগে তা জানানোও হয়নি। সেই রাগ থেকেই পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেয়।
উল্লেখ্য, এই ঘটনা মনে ক্তায় ‘বালাগাম’ নামের একটি জনপ্রিয় তেলেগু ছবির কথা। সেই ছবিতেও প্রায় এই একই ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। সেখানেও মাটনের একটি নির্দিষ্ট মেনু না থাকায় দু’পক্ষের মধ্যে বিবাদ ঘটে। এর জেরে বিয়ে বাতিল হয়ে যায়। বাস্তবেও যে এমনটা হতে পারে, তা যেন কল্পনারও অতীত।





