মা সারদার সঙ্গে তুলনা এখন অতীত, এবার মমতাকে শ্রীচৈতন্যদেবের সঙ্গে তুলনা করলেন ব্রাত্য বসু, ‘দিদি সার্থক উত্তরাধিকারী’, দাবী শিক্ষামন্ত্রীর

এর আগে তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাজি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর সেই মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। এবারও তেমনই এক ধরণের তুলনা করে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর কথায়, মমত? বন্দ্যোপাধ্যায় শ্রীচৈতন্যদেবের সফল উত্তরাধিকারী।  

কী ঘটেছে ঘটনাটি?

মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের খাল-বিল-চুনোমাছ উৎসবে যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল, মঙ্গলবার সেই উৎসবের দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাদনঘাটের ওই এলাকা যে চৈতন্যদেবের স্পর্শধন্য, সেকথা স্মরণ করান তিনি।

এছাড়াও এদিন বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। সবাইকে সঙ্গে রাখার কথা বলেছিলেন। মমতাদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনও বিভাজনের রাজনীতি, কোনও ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি করেন না। চৈতন্যও করেননি। চৈতন্যের সার্থক, উত্তরাধিকারী এই বাংলায় কেউ যদি থেকে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়”।

ব্রাত্য বসু আরও বলেন, “নারীশক্তি, নারীশিক্ষা, স্বাধীনতা, অধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছেন”। এর পাশাপাশি তিনি এও উল্লেখ করেন যে মুখ্যমন্ত্রী মেয়েদের অর্থনৈতিক দিক থেকে কীভাবে স্বনির্ভর করে তুলেছেন।

শিক্ষামন্ত্রীর মন্তব্যে কটাক্ষ বিরোধীদের

ব্রাত্য বসুর এই মন্তব্যকে কটাক্ষ করেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তাঁর কথায়, “এত যদি মহামানব তৃণমূল নেতারা। তাহলে সবাই জেলে কেন? আসলে চোরের মায়ের বড় গলা”।

অন্যদিকে কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার এই ঘটনা প্রসঙ্গে বলেন, “মমতাকে সারদা, চৈতন্য এরপর আর কত কী বলবেন তৃণমূল কংগ্রেসের নেতারা, সেটাই এখন দেখার। আসলে তেল না দিলে পদ থাকবে না। মন্ত্রিত্ব থাকবে না। তাই এত তৈলমর্দন”।

RELATED Articles