যাত্রীদের আতঙ্কিত হওয়া নতুন কিছু নয়, তবে কখনও কখনও সেই আতঙ্কের সঙ্গে জড়িয়ে পড়ে অপ্রত্যাশিত ঘটনা। আর তার পরিণতিতে ঘটে যায় এমন কিছু, যা গোটা পরিবারের জন্য রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়। এমনই এক অস্বস্তিকর ঘটনা ঘটেছে মুম্বই থেকে কলকাতাগামী একটি ফ্লাইটে। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
ঘটনা শুক্রবারের। ইন্ডিগোর এক ফ্লাইটে আচমকাই প্যানিক অ্যাটাকে ভুগতে শুরু করেন হোসেন আহমেদ মজুমদার নামে এক যুবক। আচমকা অসুস্থ হয়ে পড়ায় তিনি কাঁপতে থাকেন এবং আতঙ্কে অসহায় হয়ে পড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সহযাত্রীদের কেউ কেউ সাহায্যের হাত বাড়ালেও, এক ব্যক্তি তাঁর আচরণে বিরক্ত হয়ে সরাসরি তাঁকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। এই ঘটনা ক্যামেরাবন্দিও হয়ে যায়। ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সেই থাপ্পড়ের দৃশ্য।
ঘটনার পর হোসেন কলকাতা বিমানবন্দরে নামলেও, সেখান থেকে তিনি পরবর্তী গন্তব্য শিলচরের ফ্লাইট ধরেননি। পরিবার সূত্রে জানা গিয়েছে, হোসেন মুম্বইয়ের এক জিমে কাজ করতেন। সেখান থেকে নিজের বাড়ি অসমের কাছাড় জেলার কাটিগাড়ায় ফিরছিলেন। আত্মীয়স্বজনরা শিলচর বিমানবন্দরে তাঁর জন্য অপেক্ষা করলেও, তিনি আর পৌঁছননি। মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না হোসেনের সঙ্গে। আতঙ্কিত পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে।
নিখোঁজ যুবকের বাবা আব্দুল মান্নান মজুমদার ক্যান্সারে ভুগছেন। তিনি জানান, “হোসেন পরিশ্রম করে সংসার চালাত। গতকাল সকালে ভিডিয়োটা দেখলাম, ওকে থাপ্পড় মারা হচ্ছে। আর তখন থেকেই নিখোঁজ।” তাঁর গলা কাঁপছিল যখন তিনি বলছিলেন, “জানিই না, ও বেঁচে আছে কি না!” হোসেনের এক আত্মীয় জানান, “শিলচরের ফ্লাইটে ও ওঠেনি। বিমানবন্দর ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু কোনও খবর নেই।”
আরও পড়ুনঃ Lie Detector Test: স্ত্রীর চোখে ‘অপরাধী’ স্বামী! প্রেমের প্রমাণ দিতে হয় যন্ত্রে বসে, ডেবির ভালোবাসার অদ্ভুত শর্ত!
ইন্ডিগোর পক্ষ থেকে ঘটনার পর একটি বিবৃতি জারি করে জানানো হয়, “শারীরিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে বিমানবন্দরে অবতরণের পরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। ওই যাত্রীকে ‘নো-ফ্লাই’ তালিকায় রাখা হয়েছে।” সূত্রের খবর, হোসেন এবং অভিযুক্ত উভয়কেই কলকাতা বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হোসেন কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি, তাই দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। তার পর থেকেই হোসেনের কোনও খোঁজ নেই।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার