বেশ কিছুদিন আগে একটা ভিডিও (Video) খুব ভাইরাল হয়েছিল যেখানে একজন নানারকম নিত্যব্যবহার্য জিনিস ছুরিতে করে কাটছিলেন আর কাটার পর দেখা যাচ্ছিল সেগুলো প্রত্যেকটাই এক একটা কেক। তার মধ্যে ভ্যানিটি ব্যাগ থেকে চিকেন রোস্ট, জুতো থেকে মানুষের খুলি সব কিছুরই মূর্তি ছিল। আর প্রত্যেকটা মূর্তিই এতটাই নিখুঁত ছিল যে সেটি যে আসলে একটি কেক, সেটা কাটার আগে অবধি কেউই বুঝতে পারেননি।
সম্প্রতি আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এবারেও সেটা আর একজন শেফ (Chef) এর ভিডিও। যেই ভিডিওতে দেখা যাচ্ছে ওই শেফ চকলেট দিয়ে একটি আস্ত টেলিস্কোপ বানিয়ে বানিয়ে ফেললেন। আর সেটি দেখতে এতটাই নিখুঁত যে ছবি বা ভিডিও তো বটেই, সামনে থেকে দেখেও মানুষজনের তাক লেগে যাবে।
লাস ভেগাস (Las Vegas) নিবাসী অ্যামরি গুশন (Amaury Guichon) হলেন পেশাগত ভাবে একজন শেফ। মূলত চকলেট আর কেক বানানোতেই বিখ্যাত তিনি। কিন্তু গত ২১ সেপ্টেম্বর তারিখে ফেসবুকে পোস্ট হওয়া তাঁর এই চকলেট দিয়ে বানানো টেলিস্কোপ (Telescope) মডেলের ভিডিও দেখে কার্যত বিস্ময়ে হতবাক সকলেই।
ভিডিওতে দেখা যাচ্ছে একে একে টেলিস্কোপের প্রত্যেকটা অংশই তিনি বানাচ্ছেন চকলেট দিয়ে। স্ট্যান্ড থেকে শুরু করে প্রতিটা নাট, স্ক্রু, গিয়ার, ভিউফাইন্ডার, সমস্তকিছুই বানাচ্ছেন চকলেট দিয়ে। শুধু তাইই নয় আসল টেলিস্কোপে যেমন একটা অ্যাডজাস্টেবল হ্যাণ্ডল থাকে, যার সাহায্যে টেলিস্কোপের মুখ ওঠানো বা নামানো যায়, এই চকলেট টেলিস্কোপে সেটাও নিখুঁতভাবে বানালেন তিনি। আর তারপর চিনির রসকে ঠান্ডা করে সেটা দিয়ে বানানো হল টেলিস্কোপের দুই পাশের লেন্স। আর সবশেষে নিখুঁতভাবে সোনালি রঙ করা হল এই টেলিস্কোপে।
ভিডিওটা পোস্ট হতেই প্রশংসা ছড়াতে থাকে চারিদিকে। ভাইরালও হতে থাকে হু হু করে। ইতিমধ্যেই ভিডিওটি ১০কোটি ভিউ ছাড়িয়ে গেছে ফেসবুকে। আর সকলেই মন্তব্য করছেন, ‘এটা সত্যিই একটা নিখুঁত শিল্পকর্ম। ওই শেফ একজন প্রকৃত শিল্পী’





