ঝগড়াই করেন না স্বামী, বেশি ভালোবাসেন, বিবাহবিচ্ছেদের জন্য অদ্ভুত যুক্তি মহিলার

আজকাল যেন বিয়ে করা যেমন সহজ হয়ে গিয়েছে, তেমনই বিবাহবিচ্ছেদও জলভাত হয়ে গিয়েছে। কথায় কথায় উঠে আসে এই টার্মটি। সামান্য বনিবনা না হলেই বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন স্বামী-স্ত্রী। তবে স্বামী বেশি ভালোবাসেন, এটাও কী কখনও বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে? হবে হয়ত! কারণ এমন যুক্তি দেখিয়েই বিবাহবিচ্ছেদ চাইলেন এক মহিলা।

সম্প্রতি মুম্বইয়ের এক আইনজীবী বিবাহবিচ্ছেদের আজব কিছু যুক্তির কথা সামনে এনেছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিও শেয়ার করেন তিনি। তাঁর কথায়, আজব সব যুক্তি দেখিয়ে বিবাহবিচ্ছেদের মামলা এসেছে তাঁর কাছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭।  

ওই আইনজীবীর নাম তানিয়া অপ্পাচু কল। তিনি ইনস্টাগ্রামে যে ভিডিও শেয়ার করেছেন, তা এখন ভাইরাল। ওই ভিডিওতে তিনি জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের জন্য এক তরুণী তাঁর কাছে অভিযোগ হিসেবে বলেছেন যে তাঁর স্বামী নাকি তাঁকে ‘অতিরিক্ত ভালোবাসেন’। কোনওভাবেই তাদের মধ্যে ঝগড়া হয় না। আর এর ফলে তাদের জীবন একঘেয়ে হয়ে উঠেছে। সেই কারণে বিবাহবিচ্ছেদ চান তিনি।

আবার অন্য এক যুবকের বিবাহবিচ্ছেদের যুক্তির কথা বলতে গিয়ে আইনজীবী বলেন, বিয়ের পর হানিমুনে গিয়ে নিজের স্ত্রীর সাজপোশাক ভালো লাগেনি যুবকের। তাঁর মতে, তাঁর স্ত্রী অশ্লীল পোশাক পরেছিলেন, সেই কারণে তিনি বিবাহবিচ্ছেদ চান।

আবার এক তরুণীর দাবী, তাঁর স্বামী ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বলে তাঁকে সময়ই দেন না। সেই কারণে স্বামীকে ডিভোর্স দিতে চান তিনি। আবার এক যুবক অভিযোগ জানিয়েছেন, তাঁর স্ত্রী তাঁকে প্রণাম করতে অস্বীকার করেছেন বলে তিনি স্ত্রীর সঙ্গে থাকতে চান না। তাই বিবাহবিচ্ছেদ চান। অন্য এক যুবকের মতে, তাঁর স্ত্রী রান্না করতে পারেন না। রোজ না খেয়ে অফিস যেতে হয় তাঁকে। সেই কারণে তিনি আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না। এমনই সব অদ্ভুত বিবাহবিচ্ছেদের কারণ তুলে ধরেন ওই আইনজীবী।  

ভিডিওতে বিবাহবিচ্ছেদের এই যুক্তিগুলি তুলে ধরে আইনজীবী প্রশ্ন করেছেন, এই সব কারণে যারা বিবাহবিচ্ছেদ চাইছেন, তারা বিয়েটা করেছেনই বা কেন? এই ভিডিওতে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকেই বিয়ে ভাঙতে চাওয়ার নানা রকম কারণ শুনে বেশ অবাক হয়েছেন। আবার অনেকে মজাও পেয়েছেন। কেউ কেউ আবার স্বল্পস্থায়ী বিয়ে নিয়ে নিজের মতামত জানিয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles