আজকাল নানান সময় সোশ্যাল মিডিয়া খুললেই নানান ভিডিও, ছবি আমাদের চোখের সামনে আসে। এর মধ্যে কিছু ছবি, ভিডিও আমাদের নিখাদ আনন্দ দেয়, তো কোনও ভিডিও আবার আমাদের চোখ ভিজিয়ে দেয়। কিছু কিছু ভিডিও দেখে আমরা মুগ্ধ হই। এবার তেমনই এক ভিডিও বেশ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। কলকাতা মেট্রোতেই দেখা মিলল স্বয়ং মা দুর্গার।
ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এখন শুধু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যে এবার উমার মর্ত্যে ফেরার পালা। তবে মা দুর্গার মর্ত্যে আসার আগেই এবার কলকাতা মেট্রোতে দেখা গেল ছোট্ট জ্যান্ত দুর্গাকে। দেবীপক্ষের সূচনা হতেই এমন এক ভিডিও নজর কাড়ল সকলের।
কলকাতা মেট্রোর ভিতরের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে এক পুচকে শিশুকন্যাকে। তার পরনে গোলাপি রঙের সিল্কের শাড়ি, মাথায় টিকলি, সঙ্গে ওড়না আর গলায় হার। কখনও সে মেট্রোর ভিতর এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে তো কখনও আবার সকলের মুখের দিকে বারবার চেয়ে রয়েছে।
তাকে দেখে যেন মনে হচ্ছে সাক্ষাৎ মা দুর্গার ছোট্ট শিশুরূপে নেমে এসেছেন মর্ত্যে। ওই পুচকের মুখে লেগেই রয়েছে সেই মায়াকাড়া ভুবন ভোলানো হাসি। তাকে দেখতে এতটাই মিষ্টি লাগছে যে তার দিক থেকে চোখ ফেরানোই দায়। আশেপাশের সব লোকজনই ব্যস্ত এই ছোট্ট দুর্গাকে ক্যামেরাবন্দি করতে।
View this post on Instagram
এই ভিডিওটি শেয়ারের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাড়ে ৩ লক্ষের উপর ভিউ হয়েছে এই ভিডিওতে। সকলে নানান মিষ্টি মিষ্টি কমেন্ট ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ওই খুদেকে। সকলেই যেন এক বাক্যে স্বীকার করেছেন, “সত্যিই যেন স্বয়ং মা দুর্গা”।





