বিগত দু’বছর ধরে করোনার জেরে অর্থনীতি তলানিতে ঠেকেছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। নতুন করে চাকরি পাওয়া তো দূর হস্ত, নিজের চাকরি টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। চাকরি টিকিয়ে রাখতে করতে হচ্ছে অনেক পরিশ্রম।
করোনাকালে চাকরি হারিয়ে একদিকে যখন মানুষ বুঝে উঠতে পারছেন না কী করবেন, সেই সময় স্রোতের উলটোদিকে হাঁটলেন কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা শিম্পি সাহা।
শিক্ষাগত যোগ্যতায় শিম্পি এম এ পাশ। কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে তাঁর বরাবরই ইচ্ছে ছিল ব্যবসা করার। এই কারণে নিজের এই ইচ্ছা পূরণ করার জন্যই উদ্যোগ নিলেন শিম্পি।
গত ডিসেম্বর মাস থেকে ফুচকার ব্যবসা শুরু করেছেন শিম্পি। শক্তিনগর থেকে দোগাছির রাস্তা ধরে এগোলে, কাঠালতলা শনি মন্দিরের ঠিক উল্টোদিকে ছোট্ট দোকান সাজিয়ে শুরু করেছেন নিজের স্বপ্নের দিকে এগোতে শুরু করেছেন তিনি।
শিম্পি জানান, ব্যবসা শুরু করার আগে তিনি ভেবেছিলেন হয়ত অনেক রকম নেতিবাচক কথা শুনতে হবে তাঁকে! কিন্তু তাঁর এই অভিনব উদ্যোগে তাঁর সঙ্গ দিয়েছেন সবাই। বিশেষ করে মেয়েরা। তিনি আরও জানান, এরকম ভাবেই চলতে থাকলে ভবিষ্যতে একটি ক্যাফে খোলারও ইচ্ছে আছে। শিম্পির এই অভিনব উদ্যোগে খুশি পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা।
এখন তো ফুচকার নাম শুনলেই শক্তিনগরের লোকজন ছুটছেন এম এ পাশ শিম্পির কাছে। পাড়ার মানুষ তো বটেই, এর পাশাপাশি অন্যান্য পাড়া থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছে শিম্পির কাছেই। তাঁর ফুচকা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই।





