চরম নিষ্ঠুরতা! হোমওয়ার্ক না করার কারণে পাঁচ বছরের শিশুকে হাত-পা বেঁধে দুপুরের গরম রোদে ছাদে শুইয়ে শাস্তি দিলেন মা

কথায় রয়েছে মায়ের মতো কেউ হয় না। মায়ের মতো করে কেউ সন্তানকে ভালবাসতে বা ভালো রাখতে পারে না। একজন সন্তানের কখন ঠিক কী প্রয়োজন হয়, তা একমাত্র সবথেকে ভালো বোঝে তার মা। হ্যাঁ, এ নিয়ে কোনও দ্বিমত অবশ্য নেই। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এসেছে যা দেখে রীতিমতো শিউড়ে উঠতে হয় যে কোনও মা-ও কী এমনটা করতে পারেন।

এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিনিয়ত নানান ভিডিও ভাইরাল হয়। কোনও ভিডিও আমাদের হাসায়, কোনও ভিডিও আমাদের আবেগপ্রবণ করে তোলে আর কোনও ভিডিও দেখলে আমরা তাজ্জব হয়ে যাই যে এও কী সম্ভব! এমনই একটি ভিডিও এবার ভাইরাল হল। যাতে দেখা যাচ্ছে এক মা তাঁর পাঁচ বছরের শিশুকন্যাকে হাত-পা বেঁধে রেখে দুপুরের কাঠফাটা গরমে ছাদে শুইয়ে রেখেছেন।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। কিন্তু প্রশ্ন ওঠে কেন একজন মা তার সন্তানের সঙ্গে এমন নির্মম আচরণ করলেন? জানা যাচ্ছে, ওই পাঁচ বছরের শিশুকন্যা নাকি গরমের ছুটিতে স্কুলের দেওয়া হোমওয়ার্ক করেনি। সেই কারণেই শাস্তি হিসেবে এমন কাণ্ড ঘটিয়েছে শিশুকন্যার মা যা দেখে নেটিজেনরা রীতিমতো শিউড়ে উঠেছেন।

ঘটনাটি ঘটেছে দিল্লির খাজুরি খাস এলাকায়। সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ প্রতিবেশীরা ওই শিশুকন্যার চিৎকার শুনতে পান। এর আগে আদৌ কতক্ষণ সে ছাদে ওভাবে পড়েছিল, তা কারোর জানা নেই। দিল্লির মতো জায়গায় যেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছে, সেই গরমের মধ্যে দুপুরে ছাদে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থেকে প্রচণ্ড চিৎকার করে কান্নাকাটি করতে থাকে শিশুটি। প্রতিবেশীরা এই দৃশ্য দেখে পুলিশে খবর দেন।

ওই শিশুর মায়ের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট-এর ৭৫ ধারায় শিশুকে নির্মমভাবে শাস্তি দেওয়ার জন্য মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর। ওই শিশুর বাবা পেশায় একজন দরজি। এই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তাঁর বাবার ফোন পেয়ে তিনি বাড়ি ফেরেন ও সন্তানকে ছাদ থেকে উদ্ধার করেন।

ওই শিশুটির কাকা জানান যে শিশুটির মা যে কোনও ছোটো ছোটো বিষয়ে শিশুটির গায়ে হাত তোলেন। এমনকি, তারা যদি বাধা দিতে যান, তাহলে তিনি বলেন যে তাঁর শিশুর সঙ্গে যা খুশি করার অধিকার রয়েছে তাঁর। তারা যেন কেউ এর মাঝে না আসে।

আরও অন্যান্য খবর