মনুষ্যত্ব এখনও বেঁচে! ভাইয়ের বিয়ের বেঁচে যাওয়া খাবার নিরন্ন মানুষের মুখে তুলে দিলেন মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ছবি

সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল কত কীই না ভাইরাল হয়। বিশ্বের নানান প্রান্ত থেকে নানান প্রতিভা যেমন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে, তেমনই নানান অবিশ্বাস্যকর খবরও আমরা জানতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

যে কোনও মানুষের বেঁচে থাকার মূল চাহিদা হল অন্ন, বস্ত্র, বাসস্থান। কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষই রয়েছেন যাদের মাথার উপর কোনও ছাদ নেই। তাদের জায়গা হয় কোনও ফুটপাতে বা রেলওয়ে স্টেশনে। দু’বেলা দু’মুঠো পেট ভরে খেতেও পান না তারা।

এইসব মানুষদের জন্য যদি কখনও কিছু করা যায়, একদিনের জন্যও যদি তাদের মুখে ভালো কিছু খাবার তুলে দেওয়া যায়, তাতেই বা ক্ষতি কী! অন্তত সেই সমস্ত অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি তো ফুটবে। এমনই এক উদ্যোগ নিলেন পাপিয়া কর নামের এক মহিলা।

নানান অনুষ্ঠান বাড়িতেই খাবার বেঁচে যাওয়া কোনও নতুন ব্যাপার নয়। সেই বেঁচে যাওয়া খাবার আমরা অনেক সময়ই ফেলে দিই। কিন্তু অনেক সময়ই চিন্তা করি না যে সেই খাবার যদি কোনও নিরন্ন মানুষের মুখে তুলে দেওয়া যায়, তাহলে তাঁর অন্তত একবেলার জন্য হলেও খাবার চিন্তা কমে।

এমনই কাজ করলেন পাপিয়া কর। নিজের ভাইয়ের বৌভাতের বেঁচে যাওয়া খাবার তিনি তুলে দিলেন কিছু অসহায় মানুষের মুখে। গতকাল রাত একটার সময় বিয়েবাড়ির সেই বেঁচে যাওয়া খাবার নিয়ে তিনি হাজির হলেন রানাঘাট স্টেশনে। সেখানে স্টেশনে থাকা নানান অসহায় মানুষের মধ্যে সেই খাবার বিলিয়ে দিলেন তিনি।

তাঁর সেই খাবার বিলিয়ে দেওয়ার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। না তিনি নিজে এই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নি। বরং, তাঁর এই মহান কাজ দেখে আশেপাশের মানুষই সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন।

এই ছবি দেখে নেটিজেনরা আপ্লুত। সকলে অনেক ভালোবাসা জানিয়েছেন পাপিয়া করকে। তাঁর এই উদ্যোগের জন্য সকলে বেশ প্রশংসা করেছেন তাঁর। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ছবি।

আরও অন্যান্য খবর