ভুল করে হত্যা করা হল একাধিক গ্রামবাসীকে। নিরাপত্তা বাহিনীর গুলিতেই এই মৃত্যু। সূত্রের খবর অনুযায়ী, অনুপ্রবেশ রুখতে অভিযান চালাতে গিয়েই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল, শনিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের মন জেলায়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন একজন জওয়ানও। অনুমান করা হচ্ছে যে মৃতের সংখ্যা হয়ত আরও বাড়তে পারে। পুলিশ সুপার ইমনালেসার তরফে গ্রামবাসীদের এই মৃত্যুর খবর জানানো হয়।
এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও। তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। টুইটে তিনি লেখেন, “একটি দুর্ভাগ্যজনক ঘটনায় মন জেলার ওটিং-এ গ্রামবাসীদের মৃত্যু হয়েছে। অত্যন্ত নিন্দাজনক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সিট গঠন করে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে, আইন মেনে বিচার হবে। প্রত্যেকের কাছে শান্তিরক্ষার আবেদন জানাচ্ছি”।
সূত্রের খবর অনুযায়ী, মিনি ট্রাকে করে ওটিং গ্রাম থেকে ফিরছিলেন ওই গ্রামবাসীরা। অন্যান্য গ্রামবাসীদের কথা অনুযায়ী, মৃত গ্রামবাসীরা খনি থেকে কাজ করে ফিরছিলেন। কিন্তু বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরও তারা বাড়ি না ফেরায় তাদের খুঁজতে যান তাদের পরিবার পরিজন। এরপরই তারা দেখেন যে ট্রাকের উপর মৃতদেহগুলি পড়ে রয়েছে।
এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, রবিবার সকালেই টুইট করে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনিও। ওই ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন। অমিত শাহ জানান যে রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত করবে। মৃতদের পরিবার ন্যায় বিচার পাবে।





