দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন বন্দে ভারত এক্সপ্রেসে, যাত্রীর অভিযোগ করতে কড়া পদক্ষেপ রেল কর্তৃপক্ষের

যাত্রীদের ট্রেনে দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার অভিযোগ এর আগেও উঠেছে। তবে বিলাসবহুল ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসেও কী না এমন অভিযোগ, তা ভাবাই যায় না! কিন্তু এমন ঘটনা ঘটল। আর দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন করায় সেই খাবার রেলকর্মীকে ফিরিয়েও দিলেন যাত্রী। সেই ঘটনাকে ঘিরে শুরু শোরগোল।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে দিল্লি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসে। জানা গিয়েছে, সেই ট্রেনে সওয়ার ছিলেন আকাশ কেশরী নামের এক ব্যক্তি। তিনিই খাবারের ভিডিও তুলে টুইট করে এই ঘটনাটি জানিয়েছেন। এই টুইটটি তিনি ট্যাগ করেছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ ও রেলমন্ত্রীকেও।

কী লিখেছেন তিনি টুইটে?

ওই যাত্রী টুইট করে লেখেন, “যে খাবার দেওয়া হয়েছে সেটার মান খুব খারাপ ও দুর্গন্ধযুক্ত। দয়া করে আমার সমস্ত টাকা ফেরৎ দিন”। তিনি আরও লিখেছেন, এই ভেন্ডার বন্দে ভারত এক্সপ্রেসের ব্র্যান্ডের নাম নষ্ট করছে। খাবার ফেরত দিয়ে দেওয়ার ভিডিয়োও পোস্ট করেছেন ওই যাত্রী।  

https://twitter.com/akash24188/status/1743654735046193341

এই ঘটনাটি ঘটেছে গত ৬ জানুয়ারি। এই ভিডিও পোস্ট হতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি চোখে পড়ে রেল ও আইআরসিটিসি কর্তৃপক্ষেরও। রেলওয়ে সেবার তরফে ওই যাত্রীর এই টুইটের জবাব দেওয়া হয়েছে বলেও খবর। পরবর্তী সহযোগিতার জন্য ওই যাত্রীর টিকিটের পিএসআর নম্বর ও ফোন নম্বরও দেওয়ার আবেদন জানানো হয়েছে রেলের তরফে।

সূত্রের খবর, দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন করার কারণে ক্ষমা চেয়েছে রেল কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, তারা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে। যে সংস্থার তরফে এই খাবার সরবরাহ করা হয়েছে, সেই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানায় রেল। এই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেই খাবার সরবরাহকারীদের লাইসেন্স বাতিল করা হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles