‘বিজেপি ধ’র্ষ’কদের আশ্রয় দিচ্ছে’, লোকসভা নির্বাচনের আগে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছে তৃণমূল

বিজেপি আসলে নারীবিদ্বেষী। গেরুয়া শিবির ধ’র্ষ’কদের সমর্থন করে। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ আনে ঘাসফুল শিবির। আজ, শনিবার এক বিবৃতি দিয়ে বিজেপির দিকে আঙুল তুললেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বিজেপি বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচারও করলেন তৃণমূলের মহিলা নেত্রীরা।   

তৃণমূলের অভিযোগ, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য নিজের আইটি সেলে ধ’র্ষ’কদের চাকরি দিয়েছেন। যৌ’ন হেনস্থায় অভিযুক্তদের মদত দিচ্ছে গেরুয়া শিবির, এমনটাই অভিযোগ তৃণমূলের। ধ’র্ষ’ণকারীদের আশ্রয় দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্যও করেননি অমিত মালব্য। কোনও পদক্ষেপও নেওয়া হয়নি বলে জানান তৃণমূল নেত্রী।

কী জানালেন শশী পাঁজা?

তৃণমূল নেত্রীর অভিযোগ, “বিলকিস বানোর ধ’র্ষ’কদের সমর্থন জানিয়েছিল বিজেপি। আদালতের নির্দেশেই ফের জেলে ঢুকেছে ধর্ষকরা। আসলে এরা মেয়েদের প্রতিবিদ্বেষী মনোভাব পোষণ করে। সেকথাটাই আমরা মানুষের কাছে তুলে ধরব। এজন্য মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা ডোর টু ডোর প্রচারে যাবেন”।

সম্প্রতি আইআইটি-বিএইচইউ ক্যাম্পাসে গণধ’র্ষ’ণ করা হয় এক ছাত্রীকে। গত ২ নভেম্বর এই ঘটনার অভিযোগ ওঠে। ৫ নভেম্বর অভিযুক্তদের চিহ্নিত করে আইআইটি-র পড়ুয়ারা। এই ঘটনায় আন্দোলন শুরু করেন তারা। এরপর প্রায় ২ মাসের ব্যবধানে সম্প্রতি সেই ঘটনায় জড়িত তিন অভিযুক্তদের গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

এই বিষয়টি তুলে ধরে আবার তৃণমূল চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, “নারী ও ধ’র্ষ’ণ সংক্রান্ত অপরাধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উত্তরপ্রদেশ। অপরাধীরা যখন বিজেপির নিজেদেরই লোক হয়, তখন অপরাধ ঢাকার চেষ্টা করা হয়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এখন নীরব কেন? এখন কেন তিনি টুইট করছেন না? অভিযুক্তদের বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছে”?

নিজেই অবশ্য এই প্রশ্নের জবাব দিয়েছেন চন্দ্রিমা। বলেছেন। “আইটি সেল চালানোর জন্য ধ’র্ষ’কদের ভাড়া করেছেন অমিত। উত্তরপ্রদেশের ঘটনা তাই প্রমাণ করে। বাংলায় এই জিনিস চলবে না। এ বিষয়ে বাংলার বিজেপি নীরব কেন? তাঁকে কি সমর্থন জানান সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা? তা না হলে তো অমিত মালব্যকে দল থেকে তাড়িয়ে দেওয়ার কথা”।

রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, একদিকে মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায়, দমদম উত্তর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়ি কেন্দ্রীয় এজেন্সি পাঠিয়ে লোকসভা ভোটের আগে যেমন বিজেপি মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে চাইছে, তেমনই আবার অন্যদিকে, এরই পাল্টা হিসেবে বিজেপিকে এমন বিষয় নিয়ে খুঁচিয়ে কোণঠাসা করতে চাইছে তৃণমূল।

আরও অন্যান্য খবর