দলনেত্রীকে নিয়ে নানান সময়ই নানান প্রশংসাই শোনা গিয়েছে তাঁর গলায়। তাঁর কাছে দলনেত্রীর জায়গা সবকিছুর উপরে, এও বহুবার বলতে শোনা গিয়েছে তাঁকে। এবার ফের একবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
কী এমন বললেন ফিরহাদ হাকিম?
আজ, শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার প্রতীক। চাঁদে দাগ থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দাগ নেই। সারা জীবনটা সাধুর থেকে বেশি পরিষ্কার। সারা জীবন মানুষের জন্য় দিয়েছেন। মানুষের জন্য কাজ করেছেন। আমি অন্যায় করলে তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। আমাদের কলঙ্কিত করা হচ্ছে”।
আসলে এদিন কলকাতায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আর শহরে পা রেখেই রাজ্য সরকারকে পুরোপুরি অল আউট অ্যাটাকের মুডে তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন অনুরাগ ঠাকুর বলেন, “দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় পশ্চিমবঙ্গের সরকার। নিজের মন্ত্রী-সাংসদ-বিধায়কদের উপর কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নিয়ন্ত্রণ নেই? তিনি কি লুঠের জন্য ছাড় দিয়ে রেখেছেন? নাকি তাঁর কথা তাঁর দলের লোকেরা শোনে না? লুঠের বিরুদ্ধে তদন্ত হলে, তদন্তকারী অফিসারদের উপর তাঁর দলের গুন্ডা, নেতারা আক্রমণ চালায়। এটা গোটা দেশে আর কোথাও হয় না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া”।
এই নিয়েই এদিন ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “বাংলার মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি ছিলেন, আছেন থাকবেন। অনুরাগ ঠাকুররা তাঁকে সরাতে পারবেন না। আইন শৃঙ্খলায় বাংলাই শ্রেষ্ঠ”।
উল্লেখ্য, এটাই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানান মন্তব্য করতে দেখা গিয়েছে ফিরহাদকে। কিছুদিন আগেই ফিরহাদ বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে রামকৃষ্ণ ও বিবেকানন্দের থেকেও উপরে। এও বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে বাস্তব জীবনের ‘সান্তা ক্লজ’।





