এমন অত্যাশ্চর্য ঘটনা বোধহয় পৃথিবীতে প্রথমবার! এক মাসে ৮ বার একই সাপের কামড় খেয়ে দিব্যি বেঁচে রইল এই কিশোর! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে (Rampur)। এই খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য! এমনিতেও ভারতের গ্রামাঞ্চলের সাপের কামড় খাওয়া কোনো নতুন ব্যাপার নয়। বিশেষ করে বর্ষাকালে সাপের উপদ্রব অত্যন্ত বাড়ে ভারতের গ্রামগঞ্জে। কিন্তু উত্তরপ্রদেশের রামপুরের বছর ১৭-র কিশোর যশরাজ মিশ্র(Yashraj Mishra)র দাবি শুনে হতবাক সকলেই।
তার দাবি, গত একমাস ধরে একটি সাপ (Snake)তার পিছু নিয়েছে এবং তাকে আটবার কামড়েছে। যদিও তাতে এখনো পর্যন্ত তার কোনো ক্ষতি না হলেও সে এবং তার পরিবার গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। যশরাজের বাবা চন্দ্রমৌলি মিশ্র জানান, প্রথমবার সাপটি যশরাজকে কামড়ানোর পর তাঁরা যশরাজকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে চিকিৎসা হওয়ার পর সুস্থ হয়ে যায় সে।
এর পরেও যখন আরো কয়েকবার সাপটি তার ছেলেকে কামড়ায় তখন স্থানীয় সাপুড়ে এবং বিশিষ্টজনের পরামর্শে তিনি রামপুর থেকে বেশ কিছুটা দূরে বাহাদুরগ্রামে থাকা এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে ছিলেন। কিন্তু সেখানেও নাকি যশরাজের পিছু নেয় সাপটি এবং তাকে কামড়ায়!
এভাবে গত এক মাসে প্রায় ৮ বার সাপের ছোবল খেয়েছে যশরাজ। শেষবার তাকে সাপটি কামড়েছে গত ২৫ শে আগস্ট। তখন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয় এবং ওষুধ খাওয়ার পর বর্তমানে সে সুস্থ। তবে কখন এবং কোথায় সাপটি যে আবার তাকে কামড়াবে সেই নিয়ে যথেষ্ট চিন্তিত তার পরিবার।
কেন সাপটি তাদের ছেলেকে বারংবার কামড়াচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা স্থানীয় সাপুড়ের দ্বারস্থ হয়েও কোনও রকম সন্তোষজনক উত্তর পাননি। সর্প বিশেষজ্ঞ (Herpetologist) দের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ না করায় গোটা ঘটনার প্রকৃত কারণ বেশ রহস্যজনক হয়ে উঠেছে যশরাজের পরিবারের কাছে। এখন তারা আতঙ্কের প্রহর গুনছেন যে কখন আবার সাপটি তাদের ছেলেকে কামড়াতে আসবে!





