স্মার্টকার্ড মাস্ট, রবিবার বন্ধ, দৈনিক ১২ ঘন্টা সময় নিয়ে চালু হচ্ছে কলকাতা মেট্রো?

ইতিমধ্যে জানা গিয়েছে আনলক ৪ (Unlock 4) প্রক্রিয়ায় গোটা দেশে শুরু হতে চলেছে মেট্রো চলাচল। চলতি সপ্তাহে শুরু হতে চলেছে দিল্লিতে পাতাল রেল পরিষেবা। সূত্র মারফত জানা গিয়েছে কলকাতায় মেট্রো (Kolkata Metro Rail) চলবে ৮ তারিখ থেকে। তবে শোনা যাচ্ছে যে পূর্বে যে সময় মেট্রো চলত সেই সময়ের হেরফের হতে চলেছে নিউ নরমাল প্রক্রিয়ায়।

কলকাতায় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। রবিবার সম্ভবত বন্ধ রাখা হবে মেট্রো চলাচল কারণ এই দিন এমনিতেই চাহিদা কম থাকে। ‌সোম থেকে শনি চলবে মেট্রো অল্পসংখ্যক যাত্রী নিয়ে প্রয়োজনীয় করোনা বিধি মেনে। এছাড়াও প্রতিটি স্টেশনে দাঁড়াবে না পাতাল রেল। কামরার ভেতরে দাঁড়ানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে কর্তৃপক্ষের তরফ থেকে। এছাড়াও অফিস টাইমে ১২ মিনিট অন্তর এবং অন্যান্য দিনগুলিতে ১৫ মিনিট অন্তর মেট্রো চালানো হবে এখন থেকে। এছাড়াও কোন টোকেন ইস্যু করা হবে না, নতুন করে কোন স্মার্ট কার্ড ইস্যু হবে না। যাদের কাছে স্মার্ট কার্ড (Smart Card) ইতিমধ্যেই রয়েছে তারাই সফর করতে পারবেন মেট্রোতে। স্টেশনে প্রবেশের আগে প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্যানিং করা হবে। প্ল্যাটফর্মে বসানো থাকছে স্যানিটাইজার মেশিন। মেট্রোযাত্রীদের ‘আরোগ্য সেতু’ অ্যাপ মোবাইলে রাখা বাধ্যতামূলক।

যদিও এই সিদ্ধান্তগুলি মেট্রো রেল কর্তৃপক্ষ আজ মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠকে স্থির করেছে। আগামী দু-একদিনের মধ্যেই রাজ্য সরকারের সঙ্গে তারা এই প্রস্তাব নিয়ে বৈঠকে বসবে এবং সেখানে রাজ্য সরকারের মতামত শোনা হবে। এরপর মমতা সরকার যা নির্দেশ দেবে সেই অনুযায়ী চলবে কলকাতা মেট্রো।

এদিন মেট্রো ভবনে মেট্রো কর্তারা আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের SOP’র খসড়া নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী (Manoj Joshi)। এখানেই ঠিক হয়েছে, রেল চালুর আগে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে স্টেশন স্যানিটাইজেশনে। একইসঙ্গে স্যানিটাইজ করা হবে রেলের সব রেক।

মানুষজনের ভিড় সামলাতে রাজ্য সরকার বা রাজ্য পুলিশের সহায়তা চাইতে পারে মেট্রো কর্তৃপক্ষ। যেহেতু এখনো পর্যন্ত লোকাল ট্রেন চালু হয়নি তাই মেট্রোতে ভিড় আগের তুলনায় অনেকটাই কম হবে বলে আশা করা হচ্ছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “কীভাবে মেট্রো চালানো হবে, কখন চলবে তা এখনও চূড়ান্তভাবে ঠিক হয়নি। রাজ্যের সঙ্গে আলোচনা করেই তা ঠিক হবে। মেট্রো সব দিক থেকেই প্রস্তত।”

আরও অন্যান্য খবর