২০০ টাকা মাইনের ডেলিভারি বয় আজ কোটি টাকার কোম্পানির মালিক, তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে সুনীলের জীবনকাহিনী

কথায় আছে চেষ্টা করলে কী না সম্ভব! ভগবান নাকি তাদেরই সহায় হন যিনি হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যান। এমনই এক দৃষ্টান্ত হলেন দক্ষিণ দিল্লির সুনীল বশিষ্ঠ। মাত্র ২০০ টাকা দিয়ে উপার্জন শুরু করা মানুষটিই আজ কোটি টাকার কোম্পানির মালিক।

বিখ্যাত পিৎজা ডেলিভারি সংস্থা Flying Cakes-এর মালিকের শুরুর জীবনটা বেশ কষ্টের। পরিবারে ছিল টানাটানি। সংসারে অভাবের জেরে দশম শ্রেণিতেই নিজের পড়াশোনার স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয় সুনীলকে। কিন্তু তবুও থেমে যান নি তিনি।

১৯৯১ সালে মাত্র ২০০ টাকা মাইনের একটি পার্টটাইম কাজ শুরু করেন সুনীল। এরপর করে পিৎজা ডেলিভারি বয়ের কাজ। এরপর কিছুদিন কুরিয়র বয়ের কাজও করেন তিনি। কিন্তু তা বেশিদিন করতে পারেন নি। বারবার তাঁর জীবনে এসেছে ব্যর্থতা। কিন্তু কখনই দমে যান নি সুনীল। বরং শক্ত হাতে তার মোকাবিলা করে ফের ঘুরে দাঁড়িয়েছেন।

এসবের মধ্যেই ফের নিজের পড়াশোনা শুরু করেন সুনীল। দিল্লির এক সরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করে ভর্তি হন দিল্লির শহিদ ভগৎ সিং কলেজে। পড়াশোনা করার পাশাপাশিই চালিয়ে যান কুরিয়র বয়ের কাজও। কিন্তু একসময় সেই কাজও বন্ধ হয়ে যায়।

এরপর ২০০৭ সালে বন্ধুদের থেকে ৬০০০ টাকা ধার নিয়ে শুরু করে Flying Cakes নামের একটি কোম্পানি। ব্যস, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সুনীলকে। সাফল্য আপন করে নেয় তাঁকে। একের পর এক সাফল্য অর্জন করে আজ তাঁর কোম্পানির টার্নওভার বছরে ৮ কোটি টাকা। বর্তমানে মানুষের পছন্দের তালিকার পিৎজা কোম্পানিগুলির মধ্যে Flying Cakes-এর নাম অন্যতম। সুনীলের দোকানের বাইরে দেখা যায় লম্বা লাইন।

RELATED Articles