‘নিজগুণেই পরপর উইকেট পড়ছে বিজেপির, আরও ৫টি গেল মনে হচ্ছে’, ৫ বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরই বিজেপিকে কটাক্ষ বাবুলের

সদ্যই নতুন রাজ্য কমিটির তালিকা প্রকাশ করেছে বঙ্গ বিজেপি। আর এরপর থেকেই দলের মধ্যে নানান ক্ষোভ দেখা দিয়েছে। জানা যাচ্ছে, সদ্যই বিজেপি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন পাঁচ বিধায়ক। এই নিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় দলকে তোপ দাগতে ছাড়লেন না।

এই বিষয় নিয়ে নিজের পুরনো দলকে বেশ কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, “নিজগুণে পরের পর উইকেট পড়ছে বিজেপির। আজ আরও পাঁচটি গেলো মনে হচ্ছে। শিববাবু শুনলাম সব শুনে কৈলাশে গেছেন। আসল বাঙালি কাঁকড়াদের খুঁজিয়া পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্টান- মুরলীধর লেন”।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে যেমন দলবদলের হিড়িক চোখে পড়েছিল। তেমনই নির্বাচনের পরেও চলছে দলবদল। তবে এবার দেখা যাচ্ছে, দল থেকে নয় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছেন নেতারা।

গত বুধবার প্রকাশিত হয় বঙ্গ বিজেপির রাজ্য কমিটির তালিকা। আর এরপর থেকেই নানান বিজেপি নেতাদের মধ্যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রবণতা চোখে পড়েছে।

সামান্য বিষয়ে কোনও মতের মিল না হলেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন নানান বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, দলের প্রতি মনঃক্ষুণ্ণ হয়ে গতকাল, শনিবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন পাঁচ বিজেপি বিধায়ক যা নিয়ে বেশ জলঘোলা হয়েছে। এ নিয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা না হলেও, নানান কথা উঠছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, সদ্য গঠিত বিজেপির রাজ্য কমিটিতে মতুয়া-প্রতিনিধিদের সেভাবে জায়গা দেওয়া হয়নি। এই কারণেই নাকি দলের প্রতি ক্ষোভ বেড়েছে কিছু বিধায়কের। আর এই কারণেই তাঁরা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া এই ৫ বিধায়করা হলেন অশোক কীর্তনিয়া, মুকুটমণি অধিকারী, সুব্রত ঠাকুর, অসীম সরকার এবং অম্বিকা রায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বিধায়করা বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। আবার এও জানা গিয়েছে যে বিজেপির মিডিয়া গ্রুপ ছেড়ে দিয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়, শীলভদ্র দত্ত এরাও।

RELATED Articles