সিনেমা কেবল বিনোদনের উপকরণ নয়, সামাজিক বাস্তবতা তুলে ধরার শক্তিশালী মাধ্যমও বটে। কিন্তু সেই সিনেমার পথেই যদি বাধা আসে? সম্প্রতি কলকাতায় এমনই ঘটল। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি দ্য বেঙ্গল ফাইল্স (The Bengal Files)-এর প্রচার-ঝলক (trailer) প্রকাশ ঘিরে তৈরি হল চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। দর্শক-সাংবাদিকরা যখন ছবির প্রথম ঝলক দেখার অপেক্ষায়, তখনই তৈরি হয় অপ্রত্যাশিত গোলমাল।
শনিবার সকালে কলকাতার এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল ছবির প্রচার-ঝলক প্রদর্শনের। উপস্থিত ছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী, প্রযোজক তথা অভিনেত্রী পল্লবী জোশী সহ বহু বিশিষ্টজন। শুরু থেকেই অনুষ্ঠানকে ঘিরে ছিল আগ্রহের কেন্দ্রবিন্দু। কিন্তু ঝলক দেখানো শুরু হতেই আচমকাই বাধা তৈরি হয়। হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেন, প্রদর্শনকক্ষে ছবির ঝলক দেখানো যাবে না। যদিও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, সে বিষয়ে প্রথমে কিছুই স্পষ্ট করেননি কর্তৃপক্ষ।
আয়োজকরা প্রথমে কিছুটা সময় টালবাহানা করে অবশেষে ঝলক প্রদর্শন শুরু করলেও তাতে ইতি টানা হয় দ্রুতই। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ ওঠে। বিবেক অগ্নিহোত্রী প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তোলেন, “কোনও কারণ ছাড়াই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হল কেন? সকাল থেকে এত পুলিশ এখানে কেন? আমরা তো চোর-ডাকাত নই, আমরা সিনেমা বানাই।” পরিচালকের অভিযোগ, এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এভাবে বাধার মুখে পড়তে হবে, তা কল্পনাও করেননি তিনি।
পরিস্থিতি দেখে ক্ষুব্ধ হন ছবির প্রযোজক ও অভিনেত্রী পল্লবী জোশীও। তিনি সরাসরি জানান, “এখানে কী হচ্ছে, আপনারাই দেখছেন।” ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করে—এটা কি শুধুই প্রশাসনিক গাফিলতি, নাকি এর পিছনে কোনও রাজনৈতিক বা অন্য উদ্দেশ্য লুকিয়ে আছে? বহু মহল থেকে শোনা যায়, কলকাতা পুরসভার অনুমতি ছাড়া অনুষ্ঠান করা হয়েছিল বলেই পুলিশ বাধা দিয়েছে। তবে পরিচালক বিবেকের পাল্টা প্রশ্ন, “এত বড় অনুষ্ঠানের আয়োজন অনুমতি ছাড়া করা সম্ভব নাকি?”
আরও পড়ুনঃ RG KAR case : তিলোত্তমার বাবার আর্তি, নবান্ন অভিযানে মাকে আক্রমণের অভিযোগ… রাষ্ট্রপতির কড়া পদক্ষেপে কাঁপছে রাজ্য প্রশাসন!
ঘটনার পর থেকে নানা মহলে জল্পনা তুঙ্গে। হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু বিবেক অগ্নিহোত্রীর বক্তব্যে স্পষ্ট, তিনি এই ঘটনার পিছনে অন্য রকম শক্তির প্রভাব খুঁজে পাচ্ছেন। প্রশাসনিক জটিলতা না কি রাজনৈতিক চাপ—কোনটা সত্যি, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে নিশ্চিত একটাই, দ্য বেঙ্গল ফাইল্স ছবির ঝলক প্রদর্শনকে ঘিরে কলকাতায় যে অশান্তি তৈরি হল, তা ইতিমধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।





