ট্রেনে দাউদাউ করে জ্বলছে আগুন! প্রাণ বাঁচাতে একের পর এক যাত্রী নদীতে ঝাঁপ দিচ্ছেন, হাড়হিম করা ভিডিও ভাইরাল

ট্রেনে চেপে সবাই সবার গন্তব্যে যাচ্ছিলেন। বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন। হঠাৎ পোড়া পোড়া গন্ধ ভেসে আসলো নাকে। এক যাত্রী জানলা দিয়ে উঁকি মেরে দেখলো ট্রেন থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তিনি ‘আগুন লেগেছে’ বলে চেঁচিয়ে উঠতেই ট্রেনের মধ্যে হইহই পড়ে যায়। 

হাড়হিম ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে আমেরিকার ম্যাসাচুসেটসে দানা ব্রিজের উপর। ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটির (এমবিটিএ) তরফে জানানো হয়েছে যে, সকালে অরেঞ্জ লাইনের একটি ট্রেনের সামনের দিকের কামরায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ট্রেন জ্বলতে দেখে জানলা ভেঙে ঝাঁপ দিয়ে দেন এক মহিলা। তাঁকে দেখে বাকিরাও জানলা ভেঙে ঝাঁপ দিতে থাকেন। ট্রেনে ২০০ জন যাত্রী ছিলেন। এমবিটিএ-র কর্মীরা তড়িঘড়ি সেখানে ছুটে গিয়ে যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বার করে আনেন। এই ঘটনার জেরে কেউ জখম হয়নি বলেই জানা গিয়েছে।

এমবিটিএ-র জেনারেল ম্যানেজার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোনও ধাতব পাত থার্ড রেলের সঙ্গে ওই কামরার সংস্পর্শে আসে। আর সেই কারণেই আগুন লেগে যায় বলেই অনুমান। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর