অর্পিতা মুখোপাধ্যায়, গতকাল সন্ধ্যের পর থেকেই এই নামটি যেন খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। খবরের শিরোনামে বারবার উঠে আসছে এই নামটি। তবে এর যথেষ্ট কারণও রয়েছে বটে। গতকাল, শুক্রবার অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। আজ, শনিবার সকালে গ্রেফতারও করা হয়েছে অর্পিতাকে।
এই অর্পিতা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত। এসএসসি দুর্নীতি মামলায় আজ ইডি গ্রেফতার করেছে পার্থকেও। ইডির অনুমান, এসএসসি-র বেআইনি টাকা অর্পিতার বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
ইতিমধ্যেই একটি ভিডিও উঠে এল সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। এই ভিডিও দেখে স্পষ্ট যে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক বেশ পুরনো আর বেশ মজবুত। তৃণমূলের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত অর্পিতা।
এই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে। এখানেই শেষ নয়, মমতা নিজের মুখেই স্বীকার করেছেন যে অর্পিতা শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই নয়, ফিরহাদ হাকিমের কাছেও যেতেন। আর মুখ্যমন্ত্রীর এই কথা থেকে বেশ স্পষ্ট যে অর্পিতা তৃণমূলের নানান প্রভাবশালী নেতাদের সঙ্গেই যুক্ত।
টুইটারে এই ভিডিও পোস্ট করে অমিত মালব্য লেখেন, “খুব বেশিদিন আগের কথা নয়, খোলা মঞ্চে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যার বাড়ি থেকে ইডি সামান্য ২০ কোটি টাকা উদ্ধার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন অর্পিতা কী ‘ভালো কাজ’ করছিলেন”।
https://twitter.com/amitmalviya/status/1550679456074825728?t=Rm8yWkuPAhdo8ZLmIt3esw&s=19





