আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ বাংলা-সহ দেশের নানান প্রান্তে। গর্জে উঠেছে নারীশক্তি। এই ঘটনার তদন্ত করছে সিবিআই। এবার আর জি করের ঘটনায় ব্যবহার করা হবে আরও উন্নত প্রযুক্তি।
আর জি করের ঘটনার তদন্ত প্রথমে রাজ্য পুলিশের হাতে থাকলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার যায় সিবিআইয়ের উপর। গত তিনদিন ধরে এই ঘটনায় তদন্ত করছে সিবিআই টিম। রয়েছে ফরেন্সিক টিমও। গতকাল, বৃহস্পতিবারও আর জি করে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আজ ফের হাসপাতালে সিবিআই টিম।
জানা গিয়েছে, এবার আর জি কর কাণ্ডের তদন্ত চলবে 3D ম্যাপিং প্রযুক্তির সাহায্যে। সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। সেই ঘরেই পাশবিক অত্যাচার চালিয়ে খুন করা হয় তরুণীকে। এবার ঘটনাস্থলের 3D ম্যাপিং করবে সিবিআই। কীভাবে ঘটনা ঘটে থাকতে পারে, তা জানার চেষ্টা চলবে।
ইতিমধ্যেই আর জি করের ঘটনায় অধ্যক্ষ সুহৃতা পালকে গতকাল হাসপাতালেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও পরক্ষণেই সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তরুণী চিকিৎসকের সহকর্মীদেরও। ঘটনার দিন রাতে যারা তাঁর সঙ্গে একইসঙ্গে খাবার খেয়েছিলেন, তাদের তলব করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তরুণী চিকিৎসকের মা-বাবাকেও।
এই ঘটনায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। পুলিশ যে তথ্য দিয়েছে ও ময়নাতদন্তকারী চিকিৎসকের থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এবার এই তদন্ত চলবে 3D ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে। এর আগে বগটুই, সন্দেশখালি কাণ্ডেও 3D ম্যাপিংয়ের সাহায্যে তদন্ত করেছিল সিবিআই।





