মোদীর উপস্থিতিতে কলকাতায় গীতাপাঠের দিনই রাজ্যে প্রাথমিকের টেট, পরীক্ষা বাতিলের আর্জিতে হাইকোর্টে বিজেপি

আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় আয়োজিত হবে গীতাপাঠের আসরের। অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের তরফে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে ব্রিগেডে। এদিকে আবার সেদিনই রয়েছে প্রাথমিক টেটের পরীক্ষা। এদিন শহর মোড়া থাকবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। এদিন শহরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে এবার ওইদিন টেট পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।    

দিলীপ ঘোষের বক্তব্য, আগামী ২৪ তারিখ শহরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করবে। টেট পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা রয়েছে বটে। কিন্তু তাও রাস্তায় সমস্যায় পড়তে পারেন তারা। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধা হতে পারে। সেই কারণে ওই দিন টেট বাতিল করার আর্জিতে মামলা দায়ের করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানান দিলীপ ঘোষ।

এর আগে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। কিন্তু তা কোনও কারণে পিছিয়ে দেওয়া হয়। নতুন পরীক্ষার দিন ধার্য করা হয় ২৪ ডিসেম্বর। ১২টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। আর এদিকে গীতাপাঠের আসরও দুপুরে বসবে।

এদিন কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। অনেক গাড়ির রুটই ঘুরিয়ে দেওয়া হতে পারে। এর জেরে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। এই কথা জানিয়েই আজ, সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন দিলীপ ঘোষ। তবে হাইকোর্ট জানায় পরীক্ষা বাতিল সম্ভব নয়। সেই কারণে এই বিষয়ে মামলা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আর্জি জানান বিজেপি নেতা।

RELATED Articles