দিনের পর দিন অনুব্রতর মামলায় টাকা জুগিয়েছেন, সিউড়ি থানার আইসি-কে এবার তলব ইডির, গরু পাচারে যোগের সম্ভাবনা

আসানসোল জেল সুপারের পর এবার সিউড়ি থানার আইসি-কে তলব করল ইডি (Enforcement Directorate)। দিল্লি ইডি-র দফতরে সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে (Mohammad Ali) তলব করা হয়েছে বলে খবর। ব্যাঙ্কের নথি, আয়কর সংক্রান্ত সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে তাকে। মহম্মদ আলি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বেশ ঘনিষ্ঠ। সেই কারণেই তাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আগামীকাল, শনিবার হাজিরা দিতে বলা হয়েছে মহম্মদ আলিকে। এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন ও তাঁর হিসাবরক্ষ মণীশ কোঠারি। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় গরুপাচারের সঙ্গে তাঁর যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে আসতে বলা হয়েছে।

গত কয়েক মাস ধরে অনুব্রত মণ্ডলের মামলা লড়ার খরচও দিয়েছেন সিউড়ি থানার আইসি। এমন তথ্য তাঁদের হাতে এসেছে। সেই বিষয়ে জানতে তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে তাঁর কাছ থেকে কোন তথ্য জানতে চাওয়া হবে সেটা জানানো হয়নি।

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে কয়লা পাচার কাণ্ডে আইসি মহম্মদ আলিকে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে তলব করা হয়েছিল। কয়লা পাচার মামলার অন্যতম অভিযুক্ত বা কিংপিন অনুপ মাজির থেকে ‘‌প্রোটেকশন মানি’‌ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ার অভিযোগ ছিল আইসির বিরুদ্ধে। তিনি হাজিরাও দিয়েছিলেন। আর এবার গরু পাচারের সঙ্গে যোগসাজশের অভিযোগে দিল্লিতে তলব করা হল।

এর পাশাপাশি, বৃহস্পতিবার আসানসোলের জেল সুপার কৃপাময় নন্দীকে তলব করেছিল ইডি। তাঁকে ৫ এপ্রিল দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। অনুব্রত মণ্ডল যে সময় আসানসোল জেলে ছিলেন, সেই সময়ের কী কী ঘটেছিল, সেসব নিয়ে তাঁকে প্রশ্ন করা হতে পারে।

আরও অন্যান্য খবর