ফের বড় কেলেঙ্কারি আর জি করে, অপারেশন থিয়েটারে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, ব্যাহত পরিষেবা

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই বারবার আর জি করের নাম আলোচ্য বিষয়ে মধ্যে উঠে এসেছে। নির্যাতিতার বিচার এখনও মেলেনি। তবে প্রতিবাদ-আন্দোলন থেমে নেই। এরই মধ্যে এবার আর জি করে ঘটে গেল আরও এক ভয়ঙ্কর ঘটনা।

আর জি করের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর থেকেই উত্তাল হয়ে রয়েছে রাজ্যের পরিস্থিতি। ন্যায় বিচারের দাবীতে সরব সকল স্তরের মানুষ। এই ঘটনার পর থেকেই সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে বলে অভিযোগ। এমন আবহে এবার আর জি করে ঘটে গেল আরও এক ভয়ঙ্কর ঘটনা।

এবার অপারেশন থিয়েটারে ঘটে গেল এক কেলেঙ্কারি। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ আর জি করের সার্জারি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিউ সার্জারির ৩ নম্বর ওটি-র ফলস সিলিং ভেঙে পড়ে।  

হাসপাতাল সূত্রে খবর, এদিন হাসপাতাল কর্মীরা অপারেশন থিয়েটারে ঢুকে দেখেন বিস্তীর্ণ এলাকার ফলস সিলিং ভেঙে পড়ে রয়েছে। অপারেশন থিয়েটার বন্ধ থাকার সময় এমন ঘটনা ঘটেছে ফলে কেউ আহত হয়নি। তবে এই ঘটনার ফলে অস্ত্রোপচারের কাজ ব্যাহত হয়। এই অপারেশন থিয়েটারে মূলত মাইক্রোসার্জারি হত বলে খবর। দ্রুত এই খবর জানানো হয় কর্তৃপক্ষকে।

এমন ঘটনায় জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নিউ সার্জারির এই অপারেশন থিয়েটারের ভয়ঙ্কর পরিস্থিতির কথা এর আগে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু সংস্কারের কাজ শুরু হবে জানিয়েও কোনও পদক্ষেপ করেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ‘সিবিআই কোনও শাস্তি দিচ্ছে না বলেই এত দুর্নীতি চলছে রমরমিয়ে, মমতা নির্ভয় হয়ে গিয়েছেন’, এবার সিবিআইকে একহাত নিলেন দিলীপ

আর জি করের এই ঘটনায় ফের একবার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উঠল প্রশ্ন। বাইরে থেকে নানান পালিশ জিনিসপত্র থাকলেও ভেতর থেকে যে তা ফাঁপা, তা ফের একবার প্রমাণিত এই ফলস সিলিং ভেঙে পড়ার ঘটনায়। হাসপাতালের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এই ঘটনার।

RELATED Articles