খুদে পড়ুয়াদের প্রাণ কেড়ে নিল দাঁতনের আগুন! শোকের ছায়া শিক্ষা মহলে! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

স্কুল মানে শিশুদের নিরাপদ আশ্রয়স্থল। যেখানে শিক্ষার পাশাপাশি সুরক্ষা ও যত্নের প্রতিশ্রুতি থাকে। কিন্তু যখন এই নিরাপদ স্থানে ঘটে যায় ভয়াবহ কোনো দুর্ঘটনা, তখন প্রশ্ন ওঠে, নিরাপত্তার দায়িত্বে কোথায় খামতি ছিল? বিশ্বের নানা প্রান্তে স্কুলে দুর্ঘটনার খবর শোনা যায়, যা কেবলমাত্র শিশুদের জীবন নয়, তাদের স্বপ্নকেও শেষ করে দেয়। এমনই এক ঘটনা সম্প্রতি নাড়িয়ে দিয়েছে সবাইকে।

ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যের কাউরা নামোডা জেলার একটি ইসলামিক স্কুলে। বুধবার দুপুরবেলা স্কুলে আচমকা আগুন লেগে যায়। স্কুলে তখন উপস্থিত ছিল শতাধিক পড়ুয়া। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ১৭ জন। নাইজেরিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা এজেন্সি এই ঘটনায় শোকপ্রকাশ করেছে এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা নিয়ে চলছে তদন্ত। জানা গিয়েছে, স্কুলের পড়ুয়াদের ওরাল হাইজিন বজায় রাখতে মজুত রাখা হয়েছিল প্রচুর দাঁতন, যা স্থানীয় ভাষায় ‘কারা’ নামে পরিচিত। দাঁতনগুলি স্কুল চত্বরে একপাশে ডাঁই করে রাখা ছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই দাঁতনের স্তূপেই প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। যদিও কীভাবে দাঁতনে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু গভীর শোকপ্রকাশ করেছেন। দেশের প্রতিটি স্কুলের কাছে তিনি আহ্বান জানিয়েছেন, পড়ুয়াদের সুরক্ষায় যেন আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রেসিডেন্টের মতে, এমন ঘটনা প্রতিরোধে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। তবে এই ধরনের ঘটনা প্রথমবার নয়। এর আগে গত মাসে নাইজেরিয়ার রাজধানী আবুজার এক স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে দু’জনের মৃত্যু এবং আরও দুইজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

আরও পড়ুনঃ ডায়ালিসিসের দিন শেষ! এবার শুয়োরের কিডনি বাঁচাবে মানুষের প্রাণ!

এই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখনই কড়া পদক্ষেপ নেওয়া দরকার। স্কুলের সুরক্ষা ব্যবস্থার ঘাটতি দূর না করলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles