বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী করা নিয়ে সওয়াল করা হচ্ছে। কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার দাবী তোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার তাঁকে পরোক্ষভাবেই নিশানা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী নাহলে পুলিশমন্ত্রী করার পক্ষে সওয়াল করেছিলেন হুমায়ুন কবীর। তাঁর মতে, রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একার পক্ষে এতদিক দেখা সম্ভব হচ্ছে না। সেই কারণে ফুলটাইমের পুলিশমন্ত্রী হোক বলে দাবী জানান তিনি। বলেন, “ফুলটাইমের একজন পুলিশমন্ত্রী থাকলে, আমার মনে হয়, তাঁর নজর এড়িয়ে কোনও অপরাধ সংগঠিত হবে না”। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার হুমায়ুনকে নিশানা করেন ফিরহাদ।
ফিরহাদের কথায়, “যারা বড় বড় কথা বলছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে নামুক। তারপর জিতে দেখাক। বুঝে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সবদিক থেকে বলিষ্ঠ নেত্রী। তিনি এখনও সব দফতর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না”।
এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, “অভিষেক আমাদের সন্তান। ওর কথা যখন হবে তখন দেখা যাবে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বলিষ্ঠ কেউ নন”।
আরও পড়ুনঃ রাস্তায় পড়েছিল ১৫ লক্ষ টাকা, এত টাকা কুড়িয়ে পেয়ে যা করলেন রিকশা চালক…
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নবীনপন্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতার অলিন্দে আসেন, তাহলে অনেকে পদ পাওয়ার আশা করছেন। সেই আশাতেই বারবার তাঁকে রাজ্য মন্ত্রিসভায় আনার দাবী তুলেছে তৃণমূলের একাংশ।
যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় অভিষেক নিয়ে তৃণমূলের অন্দরের দ্বন্দকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “কোম্পানির মালিকানা হস্তান্তরের সময় এরকম হয়। বিজেপি এসব নিয়ে চিন্তিত নয়”।





