বড় পর্দায় আসছে নরেন্দ্র মোদীর মায়ের জীবনকথা, হীরাবেন মোদীর চরিত্রে বলিউডের এই জনপ্রিয় নায়িকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক কাজ হলেও তাঁর মায়ের গল্প এখনও বড় পর্দায় তুলে ধরা হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। খুব শিগগিরি মুক্তি পেতে চলেছে হীরাবেন মোদীর বায়োপিক, যার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—এই চরিত্রে কে অভিনয় করবেন? ইন্ডাস্ট্রির অন্দরে তীব্র জল্পনার মাঝেই এখন শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনই নাকি পর্দায় জীবন্ত করে তুলবেন হীরাবেনকে।

পরিচালক ক্রান্তি কুমার চৌধুরীর এই ছবির সম্ভাব্য নাম ‘মা বন্দে’। দেশজুড়ে আলোড়ন তোলা মোদীর জীবনের অজস্র অনুচ্চারিত অধ্যায়কে সামনে এনে, তাঁর মায়ের প্রভাব ও সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলবে এই বায়োপিক। মোদীর কিশোর বয়স থেকে তাঁর রাজনীতির উত্থান—সবটাই তুলে ধরা হবে মায়ের সঙ্গেই কাটানো স্মৃতির মাধ্যমে। হীরাবেনের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নাকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রবিনা। যেহেতু ২০২২ সালে প্রয়াত হয়েছেন হীরাবেন, তাই বিভিন্ন ভিডিও, ছবি এবং ঘনিষ্ঠ সূত্রের তথ্যের সাহায্যেই তিনি চরিত্রটিকে আত্মস্থ করার চেষ্টা করছেন।

এ ছবিতে মোদীর ভূমিকায় দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় তারকা উন্নি মুকুন্দনকে। পরিচালক জানিয়েছেন, মা-ছেলের সম্পর্কের সূক্ষ্ম আবেগ, ত্যাগ, সংগ্রাম এবং একে অপরের প্রতি অদম্য বিশ্বাস—এসবই হবে গল্পের মূল কেন্দ্রবিন্দু। সেই আবেগ আরও বাস্তব করে তুলতে ছবিতে থাকবে আধুনিক ভিএফএক্স প্রযুক্তির ব্যবহার।

আরও পড়ুনঃ Kunal Ghosh : বিহার দেখিয়ে বাংলাকে হুমকি? বিজেপিকে কড়া জবাব কুণালের— ‘বাংলার মাটি আলাদা, চক্রান্তে কিছু হবে না’!

ছবির নির্মাণেও থাকছে তারকাখচিত টিম। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ‘কেজিএফ’ খ্যাত রবি বসরুর, আর সম্পাদনার দায়িত্ব সামলাবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সম্পাদক শ্রীকর প্রসাদ। সব মিলিয়ে, মোদীর ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায় তুলে ধরতে বড় পর্দায় আসতে চলেছে এক আবেগঘন মা-ছেলের গল্প—যা দর্শকদের ছুঁয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

আরও অন্যান্য খবর