কসবা গুলিকাণ্ড নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য। তৃণমূল নেতার বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হয়। তবে অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তৃণমূল নেতার। এবার এই ঘটনার তদন্তে নেমে নানান তথ্য পেল পুলিশ।
পুলিশের সূত্র অনুযায়ী, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ১০ হাজার টাকায় খুনের বরাত দেওয়া হয়েছিল। তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। তাকে জেরা করেই এই তথ্য পেয়েছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃতের নাম যুবরাজ সিং। বিহারের বৈশালির বাসিন্দা সে। তাকেই ১০ হাজার টাকার বরাত দেওয়া হয়েছিল তৃণমূল কাউন্সিলরকে খুন করা জন্য। গ্রেফতার হওয়ার পর ওই যুবক জানিয়েছিল যে সে নাবালক। তবে ধৃতের আধার কার্ড দেখে পুলিশ জানতে পেরেছে, যুবকের জন্ম ২০০৬ সালে অর্থাৎ ১৮ বছর হয়ে গিয়েছে তার। আজ, শনিবার আদালতে তোলা হবে অভিযুক্তকে।
বলে রাখি, গতকাল, শুক্রবার কসবায় নিজের বাড়ির বাইরে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ৮টার কিছু পর বাইকে চেপে দুই যুবক আসে সেখানে। একজন বাইক থেকে নেমে সুশান্ত ঘোষের বুকে পিস্তল ঠেকিয়ে ধরে। কিন্তু কোনও কারণে ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি চালাতে পারে নি সে। যুবককে ধরে ফেলেন সুশান্ত-সহ অন্যান্যরা।
এই ঘটনা থেকে তদন্তকারীরা নিশ্চিত যে পরিকল্পনা করেই এই খুনের চেষ্টা। ধৃতকে জেরার পর শুক্রবার রাতেই বন্দর এলাকা থেকে এক ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ। অনুমান, সেই ট্যাক্সিতে চেপেই কাউন্সিলরের এলাকা রেইকি করেছে ধৃত-সহ অন্যান্যরা। সুশান্ত ঘোষের নানান কাজের সময়ের হদিশ পায় তারা রেইকি করেই। জেরায় ধৃত জানিয়েছে, বন্দর এলাকায় থাকছিল তারা। কাজ শেষে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল।





