এবার গুলি চলল নাইজেরিয়ায় মসজিদের ভিতরে। হামলা চালিয়ে একজন ইমাম-সহ পাঁচজনকে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। তবে শুধু খুন করেই ক্ষান্ত হয়নি তারা। ওই মসজিদে নমাজ পড়ার সময় হাজির থাকা ৪০ জনকে অপহরণ করে নিয়ে গেছে ওই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়া (Nigeria)’র উত্তর-পশ্চিম দিকে অবস্থিত জামফারা প্রদেশে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, নাইজেরিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে নমাজ পড়ার জন্য জামফারা (Zamfara) প্রদেশের মারু জেলার দুতসেন গারি গ্রামের একটি মসজিদে জড়ো হয়েছিলেন ওই এলাকারই প্রায় ১০০ জন মানুষ। সেই সময় হঠাৎই অজ্ঞাত পরিচয় একদল বন্দুকবাজ সেখানে অতর্কিতে হামলা চালায়। চলতে থাকে এলোপাথাড়ি গুলি। প্রাণ হারান পাঁচজন। আর সেই সময় নামাজের জন্য আসা ৪০ জনকে অপহরণ করে একটি বাসে চাপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার করা যায়নি অপহৃতদেরও।
বর্তমানে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও অন্য নিরাপত্তারক্ষীরা। ওই অঞ্চলের বাসিন্দারা নিজেদের অভিযোগে জানিয়েছে, এই এলাকায় বসবাসকারী ফুলানি সম্প্রদায়ের মানুষদের গরু চুরি করার চেষ্টা করে উপজাতি গোষ্ঠীর কৃষকরা। শুক্রবার সেরকমই একটি দল ওই মসজিদে হামলা চালিয়েছিল। বেশ কয়েক বছর ধরেই এই ঘটনা ঘটছে। এর ফলে এখনও পর্যন্ত ২ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন আরও কয়েক হাজার।





