শান্তি চেয়ে ডাক পাঠিয়েছে পাকিস্তান। আর তাই পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে শান্তি স্থাপনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ইসলামাবাদ পৌঁছল আফগানিস্তানের তালিবান প্রতিনিধিদল।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে পাকিস্তানের প্রশাসনিক ও সামরিক নেতাদের সঙ্গে তাঁরা আলোচনায় বসবেন।
রবিবার রাতে তালিবান মুখপাত্র সুহেইল শাহিন একাধিক টুইট মারফৎ জানিয়েছেন, ‘মোল্লা আবদুল গনি বরাদরের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের ইসলামিক এমিরেটস (তালিবান) প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে। পাক বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার পাশাপাশি পাকিস্তানে থাকা আফগান শরণার্থী, সীমান্ত অতিক্রমকারী সফর এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পাক নেতৃত্বের সঙ্গে তাঁদের বৈঠক হবে।’
তালিবান প্রতিনিধিদলের পাকিস্তানে আসার খবর নিশ্চিত করেছেন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরীও। তিনি জানিয়েছেন, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হওয়ার আগে সেই বিষয়ে কথা বলতেই তালিবানদের পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছে।
শান্তি প্রক্রিয়া নিয়ে সরাসরি বৈঠকের আগে সম্প্রতি ৮০ জন তালিবান অভিযুক্তকে জেল থেকে মুক্তি দিয়েছে আফগানিস্তান সরকার।





