আগামী বিধানসভা নির্বাচনে আর কটা মাসই বা বাকি! কিন্তু তারই মধ্যে চলছে দলবদলের তোড়জোড়। একের পর এক নেতা কর্মী সমর্থকরা নিজেদের দল ছেড়ে এখন বিরোধী দলে নাম লেখাচ্ছেন। অন্যদিকে বাংলার শাসক হয়ে ওঠার জন্য মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। তাই তারাও নতুন উদ্যমে প্রচুর মানুষকে নিজেদের দলে নিয়ে আসছে।
সম্প্রতি ঘাটাল সাংগঠনিক জেলায় বিভিন্ন দল থেকে প্রায় ১০০ টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। এবার আরও প্রায় ৩২ টি পরিবার বাংলায় বিজেপি শাসনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গেরুয়া শিবিরে যোগদান করলেন। তাঁদের হাতে বিজেপির গেরুয়া পতাকা তুলে দিয়ে অভ্যর্থনা জানানো হলো।
লোকসভা নির্বাচনের সময় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসন তৃণমূলের দখলে ছিল। সেখানে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ । কিন্তু তিনি সেখানে পরাজিত হন এবং অভিনেতা দেব ঘাটাল থেকে জয়ী হন। কিন্তু এর পর থেকে শাসক দলের ওপর নানান অভিযোগ উঠতে থাকে। যার ফলে মানুষ ধীরে ধীরে ঘাসফুল শিবির থেকে সরে গেরুয়া শিবিরে যোগদান করতে শুরু করেন। ফলে দেবের দুর্গে ভাঙন দেখা দেয়। অন্যদিকে এর ফলে বিজেপির ক্ষমতাও যেমন বাড়ছে তেমনি তাদের লোকসংখ্যাও বাড়ছে। ফলে আগামী বিধানসভা নির্বাচনে এই গণহারে দলবদল রাজ্যে যে একটা প্রভাব ফেলতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।





