একদিকে সবজি বাজারে যেমন সবজির যোগান কম তেমনই দামও আকাশ ছোঁয়া। এই সময় মানুষের হাতে একমাত্র সহজলভ্য সবজি হল আলু। কিন্তু সেই আলুর দামও এখন বেড়েই চলেছে। অগাস্টের শুরুতে জ্যোতি আলুর দাম ছিল ২৬ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা। অন্যদিকে চন্দ্রমুখী আলুর দাম ছিল ২৮ টাকা। যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টাকা। গত জুলাইতে জ্যোতি ও চন্দ্রমুখী আলুর দামের ফারাক ছিল ৬ টাকা। তবে গত ৭২ ঘণ্টায় পোস্তা বাজারে প্রতি বস্তা জ্যোতি আলুর দাম বেড়ে হয়েছে ১৫০ টাকা। তবে এভাবে আলুর দাম বাড়ায় মধ্যবিত্ত বাঙালির এখন মাথায় হাত।
কিন্তু হঠাৎ এভাবে আলুর দাম বাড়ছে কেন? দক্ষিণবঙ্গে এখন নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হয়েই চলেছে। কিন্তু প্রথম দিকে বৃষ্টির কোনো দেখাই ছিল না। ফলে চাষবাসেরও অনেক ক্ষতি হয়েছে। যার ফলে বাজারে সবজির যোগান নেই। তাই ক্রেতার হাতে একমাত্র অপশন হল আলু। অন্যদিকে আলুর চাহিদা বাড়লেও তা যোগান দেওয়া যাচ্ছে না। পাশাপাশি এ রাজ্যের আলু রফতানি হচ্ছে ওড়িশা, অন্ধ্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং অসমে। তাই দিন দিন আলুর দাম বেড়েই চলেছে।
এছাড়া, আলু ব্যবসায়ীরাও জানিয়েছেন যে, এখন যে হারে আলুর দাম বাড়ছে তা কমার কোনো সম্ভাবনা নেই। কারণ এখন আলুর যোগান দেওয়া যাচ্ছে না। পাশাপাশি হুগলিতে আগামী বছরের জানুয়ারি মাসে নতুন করে আলু চাষ হবে। এছাড়া এখন দক্ষিণবঙ্গে যা বৃষ্টি শুরু হয়েছে তাতেও আবার চাষের জমির ব্যাপক ক্ষতি হতে পারে। তাই অন্য সবজির যোগানও এখন মিলবে না।





