পাকিস্তানের সিদ্ধি বিনায়ক মন্দিরের ভাঙচুরের ঘটনা নিয়ে নিন্দার ঝড় ওঠে পাকিস্তান-সহ ভারতেও। এই ঘটনার তীব্র নিন্দা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই কারণে চাপের মুখে পড়ে প্রতিশ্রুতি মতো সেই ভাঙা মন্দির দ্রুত সারাই করে হিন্দুদের হাতে তুলে দিলেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার ভঙ্গ শরিফ গ্রামের সিদ্ধি বিনায়ক মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় এক উস্কানিমূলক পোস্ট থেকে উত্তেজিত হয়ে লোহার রড, লাঠি, পাথর হাতে মন্দিরে চড়াও হয় দুষ্কৃতীরা। ব্যাপক ভাঙচুর হয়।
আরও পড়ুন- নানান রাজ্যে বিজেপি সরকার কেমন কাজ করছে? নির্বাচনের আগে যাচাই করতে সমীক্ষা হবে NaMo App-এ
এই ঘটনায় পাকিস্তানের শীর্ষ আদালত সে দেশের পুলিশ-প্রশাসনকে তীব্র তোপ দাগে। বিচারপতির কথায়, “হিন্দু মন্দিরে হামলা দেশের পক্ষে লজ্জাজনক। অথচ এ ধরনের ঘটনা দেখার পরও নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ”।
এই হিন্দু মন্দির হামলার তীব্র নিন্দা করেন ভারতের বিদেশমন্ত্রকও। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী স্পষ্ট জানান, পাকিস্তানে হিন্দু মন্দিরে এই ধরনের হামলার ঘটনার কড়া নিন্দা করছে ভারত। তিনি বলেন, “এই নিন্দনীয় ঘটনা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও তাঁদের ধর্মীয় উপাসনালয়ের উপরে ক্রমাগত হামলায় আমাদের উদ্বেগ প্রকাশ করছি”।
এরপরই টুইট করে এই হামলার কড়া সমালোচনা করতে দেখা যায় ইমরান খানকে। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
নিজের টুইটার হ্যান্ডলে ইমরান লেখেন, “ভঙ্গের গণেশ মন্দিরে হওয়া হামলার তীব্র নিন্দা করছি। ইতিমধ্যেই আমি পাঞ্জাবের আইজিকে নির্দেশ দিয়েছি সমস্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে এবং পুলিশের গাছাড়া মনোভাবের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে। সরকারের তরফেই মন্দির ফের গড়ে দেওয়া হবে”।
আরও পড়ুন- আর মাত্র ৮০ বছর, নেমে আসছে ভয়ংকর বিপদ, তলিয়ে যাবে ভারতের ১২ শহর, রিপোর্ট নাসা-র
শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে নিজের কথা রাখলেন ইমরান খান। মন্দির ভাঙার পাঁচদিনের মধ্যেই তা সম্পূর্ণ মেরামত করে সংস্কার করে হিন্দুদের হাতে তুলে দেন তিনি। তবে পাকিস্তানে এই ধরণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও অনেকবার পাকিস্তানে নানান হিন্দু মন্দিরে হামলা করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসেই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একশো বছরের পুরনো মন্দির ভাঙচুর করা হয়। এই ঘটনায় সে দেশের হিন্দু সম্প্রদায় তো বটেই, ভারতেও চাঞ্চল্য তৈরি হয়েছিল।





