নানান রাজ্যে বিজেপি সরকার কেমন কাজ করছে? নির্বাচনের আগে যাচাই করতে সমীক্ষা হবে NaMo App-এ

আগামী বছর উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এর আগে ভোটারদের মন বুঝতে এক নতুন পদক্ষেপ করল বিজেপি। এবার অনলাইন সমীক্ষার মাধ্যমেই কেন্দ্র সরকার জানতে পারবে সাধারণ মানুষ বিজেপির কাজে কতটা খুশি বা আদৌ তারা খুশি কী না? আর এই সমীক্ষা চালাবে NaMo App।

ইতিহাস সাক্ষী, উত্তরপ্রদেশে যে সরকার গঠন হয়, কেন্দ্রেও আসীন হয় সেই সরকারই। এই কারণে নিজের রাজ্যে গদি বাঁচাতে বেশ মরিয়া যোগী সরকার। এই কারণে নানান প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন- আর মাত্র ৮০ বছর, নেমে আসছে ভয়ংকর বিপদ, তলিয়ে যাবে ভারতের ১২ শহর, রিপোর্ট নাসা-র

উত্তরপ্রদেশের পাশাপাশি ২০২২ সালে বিধানসভা নির্বাচন রয়েছে গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড ও পঞ্জাবেও। এর আগে এই অনলাইন সমীক্ষা চালিয়ে জনগণের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায় গেরুয়া শিবির। এই কারণেই এই সমীক্ষা।

জানা গিয়েছে, NaMo App-এ  মোট ১৩টি টেম্পলেটের মাধ্যমে এই সমীক্ষা চালানো হবে। এখানে ভোটাররা নিজেদের মনের কথা সরাসরি জানাতে পারবেন। এই সমীক্ষার ফল অনুযায়ী নির্বাচনের জন্য নিজেদের ঘুঁটি সাজাতে পারবে পদ্ম শিবির। এর জেরে নির্বাচনী প্রচার ও লড়াইয়ের ভিত মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।

কোন কোন প্রশ্নের উত্তর খোঁজা হবে এই সমীক্ষায়?

জানা গিয়েছে, যে সমস্ত রাজ্যে নির্বাচন রয়েছে, সেই রাজ্যের সরকারের কাজে জনগণ খুশি কী না, তা জানা হবে। রাজ্যের পরিকাঠামোর উন্নয়ন, টিকাকরণ, করোনা মোকাবিলাতে সরকারের কাজে মানুষ আদৌ কতটা সন্তুষ্ট, তা জানতে চাওয়া হবে। শুধু তাই-ই নয়, নিজেদের এলাকার বিধায়কের কাজ অনুযায়ী তাদের নম্বরও দিতে পারবেন আমজনতা।

NaMo App-টি খুললে সমীক্ষায় প্রথমে মোট আটটি বিষয় দেখা যাবে। আপনিই বেছে নিতে পারবেন কোন বিষয় আপনার কাছে পরবর্তী নির্বাচনে বেশি গুরুত্বপূর্ণ। কোভিড-১৯, শিক্ষা, আইনশৃঙ্খলা, পরিচ্ছন্নতা, বেকারত্ব, দুর্নীতি ইত্যাদি নানা বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হবে।

আরও পড়ুন- পুলিশের কাজে হস্তক্ষেপ, বাধা! ত্রিপুরা থানায় এফআইআর দায়ের অভিষেক-কুণাল-ব্রাত্য-দোলার বিরুদ্ধে

এর পাশাপাশি রাজ্যের সরকার নিয়ে মানুষের সার্বিক প্রতিক্রিয়া জানতেও রয়েছে একটি প্রশ্ন। সরকারের সার্বিক কাজে জনসাধারণ কতটা সন্তুষ্ট। কেন্দ্রীয় নেতৃত্বের মতে, ২০২২-এর নির্বাচনী লড়াইয়ে এই সমীক্ষা সরকারের যথেষ্ট উপকারে লাগবে।

RELATED Articles