বিশ্বজুড়ে মরণ তান্ডব করে চলেছে নোবেল করোনা ভাইরাস। চীনের ইউহান প্রদেশ থেকে প্রায় ১৫৭ টি দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী জীবাণু। এখনো মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৮৬৬ জন। চিকিৎসা চলছে ৮৫ হাজার ৭৭৬ জনের।
বাংলাদেশেও ক্রমে বাড়ছে আতঙ্ক। এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ।
করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার যথেস্ট তৎপরতা দেখালেও মাস্কের যোগান দিতে অক্ষম হয়েছে প্রশাসন। তাই দোকানের ভরসায় না থেকে নিজেরাই মাস্ক তৈরি করে ফেলছেন পুলিশকর্মীরা। উপরন্তু শুধু যে নিজেরাই সেগুলি ব্যবহার করছেন তা নয়, অন্যদেরও সেই মাস্ক বিলি করছেন তাঁরা। এই প্রশংসিত পদক্ষেপ নিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশকর্মীরা।
টিস্যু পেপার ও রাবার ব্যান্ড-এর সাহায্যে মাস্ক তৈরি করছেন তাঁরা। ওই থানার সাব ইন্সপেক্টর সনক কান্তি দাস স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, করোনা ভাইরাসের বিষয়ে এখন বাংলাদেশবাসী যথেষ্ট স্বাস্থ্য সচেতন। বাজারে এমনিতেই মাস্কের সংকট। অনেক দোকানে আবার চড়া দামে মুনাফা লুটছে ব্যবসায়ীরা। এ অবস্থায় টিস্যু ও রাবার কিনে নিজেরাই ফেস মাস্ক তৈরি করে নিচ্ছেন। এতে খরচও অনেক কম এবং সবার সাধ্যের মধ্যে। আর পদ্ধতিটি অত্যন্ত সহজ যা তারা সম্প্রতি অনলাইনে একটি ভিডিও দেখেই শিখে নিয়েছেন।
উল্লেখ্য, সতর্কতার অবলম্বন হিসেবে গতকাল বা সোমবার থেকেই ব্রিটেন ছাড়া ইউরোপ থেকে আসা কোনও যাত্রীকে দেশে ঢুকতে দিচ্ছে না ঢাকা। বাংলাদেশে এখনো পাঁচজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ এবং দু’জন বাড়ি ফিরে গেছেন। বাকিরা চিকিৎসাধীন। এখনো অবধি পাওয়া তথ্য অনুযায়ী সারা বিশ্বে ৭৬ হাজার ৫৯৮ জন মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন।





