বিশ্বজুড়ে করোনার প্রতিষেধক সরবরাহ করেছে ভারত। উপকৃত হয়েছে বহু দেশ। তবে শুধু প্রতিষেধকই নয়। করোনার শুরু থেকেই এশিয়া ও ইউরোপ সহ বিভিন্ন দেশের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার।
আর এবার সেই সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল কানাডা। সম্প্রতি এদেশে তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের পাঁচ লক্ষ ডোজ কানাডাকে পাঠিয়েছে ভারত।
আরও পড়ুন –ভরসা সেই ভারত! করোনা যুদ্ধে ইসলামাবাদের পাশে মোদী সরকার, পৌঁছচ্ছে সাড়ে চার কোটি দেশীয় টিকার ডোজ
জানা গেছে, এরপর আরও ১৫ লক্ষ প্রতিষেধকের ডোজ সেখানে পাঠানো হবে। আর এই জন্যই এবার ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে জাস্টিন ট্রুডোর দেশে টাঙানো হল বড় বিলবোর্ড। কানাডার গ্রেটার টরোন্টো এলাকায় বিশালাকার ওই বিলবোর্ডটি রয়েছে। তাতে লেখা, “কানাডাকে ভ্যাকসিন দেওয়ার জন্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ। দু-দেশের এই বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হোক।”
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ২০শে জানুয়ারি থেকেই ভারতে তৈরি ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশকে পাঠানো হয়েছে। কোনও দেশকে তা বিনামূল্যেই পাঠানো হয়েছে তো কোনও দেশের কাছে তা বিক্রি করা হয়েছে। ইতিমধ্যে ভ্যাকসিনের ৪ কোটি ৮১ লক্ষ ডোজ বিশ্বের বিভিন্ন দেশকে পাঠিয়েছে ভারত। এরপর ৪ঠা মার্চ অ্যাস্ট্রাজেনকার প্রতিষেধককে সেই দেশে ব্যবহারের অনুমতি দেয় কানাডা প্রশাসন। তারপরই ভারতের তরফ থেকে পাঁচ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়।





