দুটি আলাদা দেশ, দুরকমের ভাবনাচিন্তা। ব্রিটেনে করোনার সংক্রমণ রোধ করতে এবার দুটি টিকার মধ্যে ব্যবধান কমিয়ে দেওয়া হল। গতকাল, শুক্রবার, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেন যে ৫০ বছরের ঊর্ধ্বে ও স্পর্শকাতর ব্যক্তিদের দুটি টিকার মধ্যে ব্যবধান কমিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, এর পিছনে প্রধান কারণ হল করোনার ভারতীয় প্রজাতির সংক্রমণের আশঙ্কা।
কিছুদিন আগেই ভারতে দুটি টিকার ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছে। আর ঠিক সেই সময়েই দুটি টিকার ব্যবধান কমিয়ে দিল ব্রিটেন। শুক্রবারের পর থেকে ব্রিটেনে দুটি টিকার ব্যবধান কমে দাঁড়াল ৮ সপ্তাহ। এতদিন পর্যন্ত দুটি টিকার মধ্যে ব্যবধান ছিল ১২ সপ্তাহ। সেই ব্যবধান এবার কমিয়ে ৮ সপ্তাহ করা হল, এমনটাই সাংবাদিকদের জানিয়েছেন জনসন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জনসন জানান, করোনার যে ভারতীয় প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে, তা আগের প্রজাতিগুলির চেয়ে বেশি সংক্রামক। এই কারণে ব্রিটেনকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। টিকাকরণের পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিটিশ সরকার।জুন মাসের ২১ তারিখে ব্রিটেনে বর্তমান লকডাউনের বাধানিষেধ উঠে যাওয়ার কথা রয়েছে। তবে জনসনের কথায়, সেই ছাড় দেওয়ার বিষয়েও প্রভাব পড়তে পারে করোনার ভারতীয় প্রজাতির সংক্রমণের ফলে।






