লকডাউন-এর জেরে দুর্ভোগের মধ্যেই রয়েছে আমজনতা। রেশনের দুর্নীতি নিয়ে বাড়ছে ক্ষোভ। আর এবার এই দুর্নীতির অভিযোগেই ব্লক অফিস চত্বরে প্রতীকী অনশনে বসে গ্রেপ্তার হলেন বিজেপির ৯জন নেতা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।
করোনা ভাইরাসের আক্রমণে স্তব্ধ দেশ। বন্ধ সমস্ত রকমের কাজ। কলকারখানা- দোকানপাট, এমনকী একশো দিনের কাজও বন্ধ। লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। হারাবার সম্ভাবনা আরোও অনেক মানুষের। যাঁদের বিপিএল কার্ড আছে, তাঁদের রেশন থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রীর বিলির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আর তাই নিয়েই যত গণ্ডগোল। কোথায় রেশনে কারচুরি, তো কোথাও আবার নিম্মমানের সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। বিক্ষোভ-অবরোধ শোরগোল রাজ্যের সর্বত্র জুড়েই। আর এই গন্ডগোলে জনরোষের মুখে পড়ছেন রেশন ডিলাররা।
রেশন দুর্নীতির অভিযোগে শাসকদলের নেতা-মন্ত্রীদের কাঠগড়ায় তুলেছে বিজেপি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রামপুরহাট ১ নম্বর ব্লক অফিস চত্বরে প্রতীকী অনশনে বসেন দলের জেলা সহ-সভাপতি স্বরূপ রতন সিনহা, ব্লক সভাপতি তারকেশ্বর ধীরব-সহ ৯ জন বিজেপি নেতা। বেশ কিছুক্ষণ সময় ব্যাপী চলে অনশন। শেষপর্যন্ত অবশ্য সকলেই গ্রেফতার করে পুলিশ। বিজেপি জেলা সহ সভাপতি স্বরূপ রতন সিনহা বলেন, ‘আমরা বিডিওর অনুমতি নিয়ে প্রতীকী অনশনে বসেছিলাম। সামাজিক দুরত্ব বজায় রেখেই আন্দোলনে নেমেছিলাম। আমাদের দাবি রেশন সামগ্রী নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে। পুলিশ গ্রেফতার করে প্রমাণ করে দিয়েছে তারা রেশন দুর্নীতিকে সমর্থন করছে।’ রামপুরহাট এক নম্বর ব্লকের বিডিও দীপান্বিতা বর্মণ বলেন, “পুলিশকে আন্দোলনে বিষয় জানিয়েছিলাম। পুলিশ কি করেছে, জানি না।”





