করোনা ভাইরাসের আঁতুরঘর ছিল চীন। যার চলতে গত জানুয়ারি মাস থেকে চীনে বন্ধ রয়েছে সমস্ত প্রেক্ষাগৃহ। তবে আগামী সপ্তাহ থেকেই দেশের বেশ কিছু অঞ্চলে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার কথা জানিয়েছে চীন। প্রেক্ষাগৃহ খুলে গেলেও নিরাপদ দূরত্ববিধি মেনে এবং স্যানিটাইজেশনের মাধ্যমে সেগুলিকে চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত দশ দিন চীনে নতুন কোনও কোভিড পজিটিভ কেস ধরা পড়েনি। তাই কিছু কিছু প্রেক্ষাগৃহ খোলার সিদ্ধান্ত নিতে চলেছে চীন প্রশাসন। চীনা ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে দেশের ‘লো-রিস্ক’ এলাকাগুলিতে আগামী ২০ জুলাই থেকে সিনেমা হলগুলি খুলে দেওয়া হবে। ব্যবসার ক্ষতি না করে সিনেমা হল চালাতে হলে কম করে হলেও ৩০ শতাংশ আসনের টিকিট বিক্রি হওয়া খুবই জরুরি। তবেই প্রেক্ষাগৃহ আগামী দিনে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তবে দর্শকদের মধ্যে কমপক্ষে তিন ফুটের দূরত্ব বজায় রাখতেই হবে।
এর আগে গত মার্চেই সিনেমা হল খুলে দেওয়ার কথা বলেছিল চীন। প্রসঙ্গত, করোনার জেরে চলতি বছরের শুরু থেকেই সে দেশে সিনেমা হল বন্ধ ছিল। কিন্তু মার্চ মাসে চীনের বেশ কিছু এলাকা থেকে আবার নতুন করে সংক্রমণের খবর আসতে শুরু করলে সিনেমা হল খুলতে পারা যায়নি। এবার ফের প্রেক্ষাগৃহ খোলার প্রস্তুতি শুরু হয়েছে, কারণ লকডাউনের জেরে চীনের ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপক ক্ষতি হয়েছে। চীনের সবচেয়ে বড় সিনেমা হল চেন ওয়ান্ডা ফিল্ম জানিয়েছে, ইতিমধ্যেই তাদের ২১৪ মিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে।





