নাম বদলে যাচ্ছে ফেসবুকের, আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে নতুন নাম

কিছুদিন আগেই ব্যাপক যান্ত্রিক গোলযোগ দেখা দেয় ফেসবুকে। এর জেরে শিরোনামে উঠে আসে এই সোশ্যাল মিডিয়া সংস্থা। এবার এই সংস্থার নামটাই বদলে দেওয়া হচ্ছে বলে খবর মিলল। আগামী সপ্তাহেই ফেসবুকের নাম বদলে নতুন নাম ঘোষণা করতে পারেন ফেসবুক কর্তা  মার্ক জুকারবার্গ।

শুধুমাত্র ফেসবুক নামের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে এই সংস্থার যাত্রা শুরু হলেও, বর্তমানে এই সংস্থার অধীনে রয়েছে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই কারণেই সম্ভবত এই নাম বদলানোর কথা ভাবা হচ্ছে সংস্থার তরফে।

আগামী সপ্তাহে ২৮শে অক্টোবরে সংস্থার একটি বৈঠক রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর রিপোর্ট অনুযায়ী,এই বৈঠকেই ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নতুন নাম নিয়ে আলোচনা করবেন। তবে সংস্থার নাম বদলালেও হয়ত ফেসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না।

সংস্থার তরফে নতুন যে নাম দেওয়া হবে, তার অধীনে একটি অ্যাপের নাম হয়ে থাকবে ফেসবুক। মনে করা হচ্ছে, সংস্থার অধীনে যেহেতু এখন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, এই কারণেই সংস্থার নাম ফেসবুক থেকে অন্য নামে বদলাতে চাইছে সংস্থার উচ্চপদস্থ কর্তারা। ঠিক যেমন গুগলের ক্ষেত্রে মূল সংস্থার নাম হিসেবে রয়েছে গুগল আলফাবেট, সে ভাবেই নাম বদলাতে চাইছে ফেসবুক।

তবে ফেসবুকের তরফ থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। ফেসবুকের এক মুখপাত্রের কথায় ফেসবুক কোনও ধরনের গুজব সম্পর্কে মন্তব্য করবেনা।

এর আগে গত জুলাই মাসে মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন যে তিনি চান যাতে ফেসবুক সোশ্যাল মিডিয়ার সংস্থা থেকে একটি মেটাভার্স কোম্পানিতে উন্নীত হোক। মেটাভার্স হল আসলে এক ভার্চুয়াল দুনিয়া। এই ভার্চুয়াল দুনিয়ায় মানুষ সব কাজ ভার্চুয়ালিই করতে পারবেন। সম্ভবত সেই মেটাভার্সের কথা মাথায় রেখেই নাম ফেসবুকের এই নাম বদলানোর সিদ্ধান্ত।

RELATED Articles