করোনার রিপোর্টের জন্য এবার অপেক্ষা করার পালা শেষ হতে চলেছে, এমনটাই দাবি করছেন অ্যাবট ল্যাবস। মাত্র পাঁচ মিনিটের পয়েন্ট অব কেয়ার করোনভাইরাস টেস্ট কিট আগামী সপ্তাহেই আমেরিকার ক্লিনিকগুলিতে আসতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমন রোধে এটি একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে।
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) শুক্রবার অ্যাবটের তৈরি ওই টেস্ট কিট ব্যবহারের অনুমতি দিয়েছেন। অ্যাবট ল্যাবরেটরিজের ওই টেস্ট কিটের মাধ্যমে নমুনা পরীক্ষায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে পজিটিভ এবং ১৩ মিনিটের মধ্যে নেগেটিভ ফলাফল জানা যাবে বলে দাবি করেছে সংস্থাটি।
একই সঙ্গে অ্যাবট দাবি করেছে, আগামী সপ্তাহে এই টেস্ট কিট বাজারে পাওয়া যাবে। প্রতিদিন প্রায় গড়ে ৫০,০০০ টেস্ট কিট তৈরি করার কথা জানিয়েছে সংস্থা। এমনিতে আমেরিকায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় লক্ষাধিক। তাই যেসব জায়গায় সংক্রমনের সংখ্যা বেশি সেখানে বেশি পরিমাণে পাওয়া যাবে টেস্ট কিট।
সংক্রামিতের দেহে ওই মারণ ভাইরাসটির জিন যদি বেশি পরিমাণে থাকে তবে মাত্র ৫ মিনিটের মধ্যেই তার উপস্থিতি ধরতে পারবে টেস্ট কিট। আর তা যদি না থাকে তবে সময় একটু বেশি লাগবে। সে ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত করতে ১৩ মিনিট সময় লাগবে। তবে এই কিটের মাধ্যমে নমুনা পরীক্ষা যে তুলনামূলক ভাবে অনেক কম সময়েই সম্ভব, সেটাই দাবি করেছে সংস্থা। এমনটাও বলা হয়েছে, রোগী ক্লিনিকে বসে থাকাকালীনই হাতে হাতে ফলাফল পাওয়া যাবে।
এফডিএ কমিশনার স্টিভ হান একটি বিবৃতিতে বলেছেন, “গতকাল এফডিএ অ্যাবটের পয়েন্ট অব কেয়ার টেস্ট কিটের অনুমতি দেওয়ায় এবার একটু স্বস্তি। এটা করোনার মোকাবিলায় একটা বড় খবর। আমরা জানি বর্তমান পরিস্থিতিতে এই পয়েন্ট অব কেয়ার টেস্ট কিট কতটা গুরুত্বপূর্ণ। নমুনা পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করতে পারলে কোভিড -১৯ ((Covid-19) নির্ধারণের ক্ষেত্রে এটি একটি বিরাট আবিষ্কার।“
এ ব্যাপারে অ্যাবটের গবেষণা এবং উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জন ফ্রেলস জানিয়েছেন, “আগামী সপ্তাহ থেকেই টেস্ট কিট পৌঁছানোর কাজ শুরু হয়ে যাবে। আর মানুষকে বেশিক্ষন অপেক্ষায় থাকতে হবে না। রোগ নির্ণয় দ্রুত হলে রোগের ট্রিটমেন্টও দ্রুত শুরু করা যাবে।”





