বৈশ্বিক মহামারী করোনার গ্রাসে ব্যাপক আর্থিক মন্দার মুখোমুখি হওয়ার পথে বিশ্ব। ব্যতিক্রম নয় ভারতও। এই অর্থনৈতিক মন্দার প্রভাব মূলত পর্যটন শিল্প, স্টার্টআপ ও তথ্য-প্রযুক্তি সংস্থার উপর সবচেয়ে বেশি আঘাত নেমে আসবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞমহলে।
লকডাউনের মধ্যেই দেশের বৃহত্তম ট্রাভেল পোর্টাল ‘মেক মাই ট্রিপ’ ঘোষণা করেছে যে, এই মুহূর্তে প্রায় ৪০০ কর্মীকে ছাঁটাই করা হতে পারে। খুব শিগগিরই বেতন অনেকটা কমানোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে। মেক মাই ট্রিপের প্রতিষ্ঠাতারা ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে তাঁরা আপাতত কোনও বেতন নেবেন না। পাশাপাশি নিয়োগ সংস্থাগুলি ঘোষণা করেছে, নিয়োগ দেশজুড়ে ৫০% কমানো হয়েছে। খুব শিগগিরই প্রচুর মানুষ বেকার হতে চলেছেন বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।
অন্যদিকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে GoIbibo ও Redbus। তারা জানিয়েছে, তাদের ঠিকাভিত্তিক ৬০% কর্মীকে ছাঁটাই করা হবে। এই কোম্পানিগুলিতে প্রায় ৬৫০ জন ঠিকাভিত্তিক কর্মী কাজ করেন। তাঁদের মধ্যে বেশিরভাগই কাজ করেন কাস্টমার সার্ভিস ও ব্যাকএন্ড সাপোর্টে।
নিয়োগকারী সংস্থাগুলি জানিয়েছে, স্টার্টআপগুলি ৫০% নিয়োগ বাতিল করেছে। বড় আইটি সংস্থাগুলি এখনও কোনও ঘোষণা না-করলেও ছোট ও মাঝারি সংস্থাগুলি ইতোমধ্যেই তাঁদের বহু কর্মী নিয়োগ বাতিল করেছে।





