করোনা আক্রান্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ গিলানি, ইমরানকে দুষলেন ছেলে

একের পর এক হাইপ্রোফাইল মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে পাকিস্তান থেকে। শনিবারই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন পাক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি। ওইদিনই খবর এল কোভিড-১৯ পজিটিভ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ঘন্টায় ঘন্টায় বাড়ছে। বর্তমানে সে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩২,৪০৫ জন। মৃত্যু হয়েছে ২,৫৫১ জনের। জানা গিয়েছে ন্যাশন্যাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোর (NAB) একটি জালিয়াতির মামলার শুনানির পরেই নাকি ৬৭ বছর বয়সী গিলানি করোনা আক্রান্ত হয়েছেন।

যদিও গিলানি প্রথম নয়, পড়শি দেশের আরো এক শীর্ষস্থানীয় নেতা করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশের প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলীম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা শেহবাজ শরিফের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছিল। শেহবাজ শরিফও ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরোর সামনে হাজিরা দিয়েছিলেন।

কিন্তু এই ঘটনায় ইতিমধ্যেই লেগে গিয়েছে রাজনীতির রং। গিলানির আক্রান্ত হওয়ার জন্য দায়ী পাক প্রধানমন্ত্রী ইমরান খান এরকমটাই দাবি তুললেন গিলানির পুত্র কাসিম গিলানি। তিনি টুইটারে ইমরান খানকে আক্রমন করে লেখেন, ধন্যবাদ ইমরান খান সরকার এবং ন্যাশন্যাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো! তোমরা সফল হয়েছো আমার বাবার জীবনকে বিপদের মধ্যে ফেলতে। ওঁনার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

পাকিস্তানে এখনও পর্যন্ত প্রায় সাড়ে আট লক্ষ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৩২,৪০৫ জন নাগরিকের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন পাঁচ হাজার মানুষ, জানিয়েছে সেদেশের স্বাস্থ্য দফতর। অর্থাৎ আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার পাকিস্তানের খুবই কম বলে দেখা যাচ্ছে।

RELATED Articles

Leave a Comment