করোনার ফলে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এবার এই অর্থনৈতিক সংকটই কেড়ে নিল জার্মান অর্থমন্ত্রীর প্রাণ। দেশটির হেসে প্রদেশের অর্থমন্ত্রী থমাস শেফারের ছিন্নভিন্ন মরদেহ মিলেছে রেললাইনের পাশে।
মনে করা হচ্ছে করোনার ফলে বিপর্যস্ত অর্থনীতিকে কী করে টেনে তুলবেন সেই দুশ্চিন্তা থেকেই এই আত্মহত্যা।
শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের পাশ থেকে থমাস শেফারের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। গোটা শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে চেনা যাচ্ছিলো না। মনে করা হচ্ছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মহত্যা করেছেন।
করোনাভাইরাসের ফলে বিপর্যস্ত জার্মানি। সেই ধাক্কা এসে লেগেছে অর্থনীতিতে। ভেঙে পড়া অর্থনীতি কী করে টেনে তুলবেন? এই দুশ্চিন্তা ছিল থমাস শেফারের। সেই চাপ সামলাতে না পেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন ৫৫ বছর বয়সী এই রাজনীতিক।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে জনসমক্ষেও সে ভাবে আসছিলেন না শেফার। অবসাদে ভুগছিলেন। শেফারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জার্মানির হেসে প্রদেশের প্রধান ভলকার বুফিয়ের।
আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে জানা গেছে, গত ১০ বছর হেসের অর্থমন্ত্রী পদে ছিলেন শেফার। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে তিনি সবসময়ে এনিয়ে কাজ করছিলেন বলেও জানিয়েছেন বুফিয়ের। শেফারের মৃত্যুতে বুফিয়ের সংবাদমাধ্যমকে বলেন, ‘এই কঠিন সময়ে তাঁর মতো একজনকে খুব দরকার ছিল আমাদের।’ তাঁর সংযোজন, ‘শেফারের মৃত্যুতে আমরা হতবাক, আমরা অবিশ্বাসের মধ্যে রয়েছি এবং সর্বোপরি চরম দু:খিত।’
প্রসঙ্গত, জার্মানিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ২৪৭ জন। মৃত ৪৫৫ জন।





